অ্যাসিড-সন্ত্রাসবিরোধী নাটকে মেহ্জাবীন

অ্যাসিড-সন্ত্রাসবিরোধী একটি খণ্ড নাটকে দেখা যাবে অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরীকে। ১৫ মিনিট দৈর্ঘ্যের এই নাটকটির নাম ঝলসানো গল্প। নাটকে মেহ্জাবীনের বিপরীতে অভিনয় করেছেন মিশু সাব্বির।
মেহ্জাবীন বলছিলেন, ‘এটি একটি সামাজিক কাজের অংশ বলে আমি মনে করি। অনেকটা নিজের তাগিদ থেকেই কাজটা করতে রাজি হয়েছি। কাজটি করতে পেরে ভালো লাগছে।’
মেহ্জাবীন মনে করেন, অ্যাসিড-সন্ত্রাস রুখতে হলে সবার আগে দরকার সচেতনতা। এই লাক্স-চ্যানেল আই সুপারস্টার তারকার মন্তব্য, অ্যাসিড-সন্ত্রাস রুখতে হলে প্রয়োজন সচেতনতা। অ্যাসিড-সন্ত্রাস যারা করছে, তাদের মনে রাখতে হবে, তাদের মা-বোনও একদিন এই সন্ত্রাসের শিকার হতে পারেন। সচেতনতা তৈরির জন্য দরকার সবার একযোগে এগিয়ে আসা।
এই নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। সামাজিক সচেতনতাবিষয়ক একটি ধারাবাহিকের অংশ হিসেবে এটি তৈরি হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝিতে এনটিভিতে প্রচারিত হবে ঝলসানো গল্প।
মেহ্জাবীন আরও জানিয়েছেন, আগামী ভালোবাসা দিবসের বিশেষ দুটি নাটকে অভিনয় করার কথা তাঁর।