আইন পেশায় পিয়া

আইন পেশায় নাম লেখালেন মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল পিয়া। গতকাল মঙ্গলবার শিক্ষানবিশ হিসেবে যোগ দিলেন ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসে। পিয়া বললেন, ‘এই পেশার প্রতি আমার একটা দুর্বলতা আগে থেকেই ছিল। সেই অনুযায়ী পরিশ্রমও করছিলাম। আমি ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে পরিচালিত লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে এলএলবি পরীক্ষা দিয়েছি। আগস্টে ফল বের হবে। বার কাউন্সিলের সদস্য হওয়ার জন্য আবেদন করেছি। এ ছাড়া সামনের বছর ব্যারিস্টারি পড়তে ব্রিস্টলে যাওয়ার ইচ্ছা আছে।’
সবকিছু মিলিয়ে পুরোদস্তুর আইনজীবী হিসেবেই ভবিষ্যতে দেখা যাবে এই অভিনেত্রীকে।
শিক্ষানবিশ হিসেবে প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে পিয়া বললেন, ‘দারুণ একটা অনুভূতি। কতভাবে কষ্ট করে যে এই পেশায় এলাম, তা বলে বোঝাতে পারব না। সব শেষে ভালো লাগছে।’
আইন পেশায় যোগ দিয়ে অভিনয়ে কীভাবে সময় দেবেন—জানতে চাইলে বললেন, ‘কয়েকটা কাজের কথা হয়ে আছে। সেগুলোর জন্য সময় বের করতে হবে। আর এখন থেকে বেছে বেছে কাজ করব। অভিনয় ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। এত দিন তো কষ্ট করে একটা জায়গা করে নিয়েছি। সেই জায়গাটা নিজের সৃজনশীলতা দিয়ে যতটুকু পারি ধরে রাখব।’