আগে আমার বাচ্চা, তারপর অভিনয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারিকা
সারিকা

প্রায় তিন বছর বিরতির পর গেল ঈদুল আজহার আগে অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার মডেল ও অভিনেত্রী সারিকা করিম। তিনি শুরু করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘আমি তুমি’ নাটক দিয়ে। এরপর ঈদের আগে টানা এক মাসে আরও সাতটি এক ঘণ্টার ও একটি সাত পর্বে ধারাবাহিক নাটকে অভিনয় করেন। এর মধ্যে একটি এক ঘণ্টার নাটক ছাড়া সবই ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হয়েছে।

কথা ছিল ঈদের পরপরই নতুন নাটকে কাজ শুরু করবেন এই অভিনেত্রী। শিডিউলও দেওয়া। কিন্তু তার আগেই তাঁর দেড় বছরের মেয়ে স্যাহরিশ আনায়হ্ করিম অসুস্থ হয়ে পড়েছে। তাই সব শুটিং থেকে ছুটি নিয়েছেন এ অভিনেত্রী।


সারিকা বলেন, ‘আগে আমার বাচ্চা। তারপর অভিনয়। বাচ্চা অসুস্থ হওয়ায় আমি অস্থির হয়ে পড়েছিলাম। বেশ ভয় পেয়েছিলাম। তাই সবকিছু থেকে দূরে থেকেছি।’

সারিকা জানান, ৪ অক্টোবর থেকে নতুন নাটকের শুটিং করার কথা ছিল তাঁর। এর মধ্যে একাধিক নাটকে অভিনয়ের প্রস্তাবও ছিল।

সারিকা বলেন, ‘অসুস্থ বাচ্চাকে ফেলে কীভাবে একজন মা অভিনয় করতে পারে! এটা কেউ বুঝতে চায় না। বাধ্য হয়ে মাঝে বেশ কিছুদিন ফোনও বন্ধ রেখেছিলাম।’

তাহলে কবে ফিরছেন অভিনয়ে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাচ্চা এখন একটু সুস্থ। ডাক্তার আশ্বস্ত করেছেন, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আশা করছি, সপ্তাহ খানেকের মধ্যেই আবারও অভিনয়ে ফিরতে পারব। সবাই আমরা বাচ্চার জন্য দোয়া করবেন।’