আঙুরবালায় এ কোন নিশো!

কালিঝুলি মাখা শরীর, উদাস দৃষ্টি; দেখে চেনার উপায় নেই। অনেক দিন ধরে জঙ্গলে থাকে সে। সম্ভবত এ কারণেই চেহারার একটা বন্য ভাব চলে এসেছে। দেখে যে কেউ ভড়কে যেতে পারেন। এমন চেহারায় অভিনেতা আফরান নিশো কখনো পর্দায় হাজির হয়েছেন কিনা জানা নেই তাঁরও। নাটকটির নাম ‘আঙুরবালা’। রচনা ও পরিচালনা সুমন আনোয়ারের। আর নিশোর চরিত্রটির নাম ‘কানু’। একটা খুন এবং খুনের পর নিরাপত্তার স্বার্থে বছরের বছর ধরে জঙ্গলে বসবাস তার। এ নাটকে আফরান নিশোর সঙ্গে আছেন আরও আছেন মৌসুমী হামিদ।
এমন চরিত্রে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘সত্যিই আমার জন্য এ এক নতুন অভিজ্ঞতা। সারা দিন কালিঝুলি মেখে অভিনয়, তাও যদি হয় আবার জঙ্গলে; সেটা সত্যিই কঠিন। তবে কিছু চরিত্র আছে, হাজার কষ্ট হলেও ভালো লাগে। ‘কানু’ আমার কাছে এমনই এক চরিত্র।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নিশো বলেন, ‘যেহেতু জঙ্গলে কাজ করেছি, তাই শরীরের অনেক জায়গায় কেটে গেছে। গতকাল ফিরে তাই বিশ্রাম নিচ্ছি।’
‘আঙুরবালা’ নাটকটির পরিচালক সুমন আনোয়ার আরও বলেন, ‘আমি একটু বক্তব্যধর্মী এবং বোধের জায়গা তৈরি করতে নাটক নির্মাণ করি। এটি তেমন একটি কাজ। দর্শকেরা পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস।’
‘আঙুরবালা’ নাটকের নামভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এর আগে একই পরিচালকের ‘রানীবালা’ টেলিছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘আঙুরবালা’ নাটকের গল্পেও তাঁকে দেখা যাবে অন্যরকম চরিত্রে। যার বিস্তার থাকবে গল্পের অনেকটা জুড়ে। এ নাটকটির জন্য এখনো চ্যানেল নির্ধারণ করেননি সুমন আনোয়ার। তবে তিনি জানালেন, খুব শিগগিরই এটি প্রচারিত হবে।