আজ আরটিভি স্টার অ্যাওয়ার্ড

আজ চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড আরটিভি স্টার অ্যাওয়ার্ড। আরটিভিতে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রচারিত সব নাটক ও অনুষ্ঠানের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, ব্যান্ডসহ মোট ২৮টি বিভাগে এ সম্মাননা পদক দেওয়া হবে।
দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এবার আজীবন সম্মাননা দেওয়া হবে দেশের প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে।
আরটিভির জনসংযোগ কর্মকর্তা অরণ্য পাশা জানিয়েছেন, অনুষ্ঠানটি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় হোটেল সোনারগাঁ থেকে সরাসরি সম্প্রচার করবে আরটিভি।
আরটিভি স্টার অ্যাওয়ার্ড সম্পর্কে প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান জানিয়েছেন, সৃজনশীল সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা আর তাঁদের কাজের উৎসাহ দিতেই চতুর্থ বারের মতো আরটিভি আয়োজন করতে যাচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৪ । দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের মনোনয়ন এবং দর্শকদের এসএমএসের ভিত্তিতে চূড়ান্তভাবে সেরাদের নির্ধারণ করা হয়েছে।