আজ থেকে চ্যানেল আইয়ে আই-জেন
আজ শুরু হচ্ছে ‘গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫’-এর জাতীয় পর্যায়ের টিভি অনুষ্ঠান৷ আজ থেকে প্রতি সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে চ্যানেল আইয়ে। প্রতিযোগিতার এই পর্যায়ে রিয়েলিটি শোয়ে আই-জেনের নয়টি আঞ্চলিক সেরা স্কুল দল অংশ নিচ্ছে৷ ধাপে ধাপে এখান থেকে সেরা দলগুলো বাছাই করা হবে৷ থাকবে প্রিয় স্কুলের জন্য দর্শকদের ভোট দেওয়ার সুযোগ৷
চ্যানেল আইয়ে আই-জেনের টিভি অনুষ্ঠানের পরিচালক তাহের শিপন জানান, প্রথম পর্বে দলগুলোর পরিচিতির পাশাপাশি এ পর্যন্ত তারা কীভাবে এল, সেই সফরটা দেখানো হবে৷ সেই সঙ্গে আই-জেন নিয়ে আলোচনা করবেন গ্রামীণফোনের যোগাযোগ পরিচালক নেহাল আহমেদ ও উপপরিচালক তাহমিদ আজিজুল হক এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক৷
উল্লেখ্য, গ্রামীণফোন-প্রথম আলো আই-জেনের প্রথম ধাপে সারা দেশের দুই হাজার স্কুলে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী। ধাপে ধাপে প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছে নয়টি আঞ্চলিক সেরা দল।