আজ থেকে 'মহল্লাবিডি. কম'

আজ থেকে মাছরাঙা টিভিতে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক মহল্লাবিডি. কম। এটি রচনা করেছেন আজাদ আবুল কালাম এবং পরিচালনা করেছেন সৌম্য নজরুল।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, আলেফ মিয়া আর ইসমাইল গাজী বেচাঁরাম দেউড়ির একই গলির দুই বাড়িওয়ালা। একসময়ের দুই বন্ধু এখন দুই ভায়রা। যাদের একসময় সুসম্পর্ক থাকলেও এখন মুখ দেখাদেখি বন্ধ। ইসমাইলের চার ছেলে এক মেয়ে আর আলেফের দুই মেয়ে এক ছেলে। ইসমাইল ও আলেফ শিক্ষিত না হলেও ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছেন। ইসমাইল গাজির বড় ছেলে পান্না-পাড়ার প্রেসে একটা দুই পাতার পত্রিকা ছাপায়, মহল্লা সংবাদ নামে। এসব সংবাদ নিয়ে এগিয়ে যায় ধারাবাহিকটির গল্প।
এতে অভিনয় করেছেন আবুল হায়াত, চিত্রলেখা গুহ, লুত্ফর রহমান জর্জ, শামীমা নাজনীন, নাঈম, অহনা, আরফান, শতাব্দী ওয়াদুদ, এজাজ, শাহেদ আলীসহ আরও অনেকে। নাটকটি প্রতি রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে।