
মিলনায়তনের হাজার দুয়েক দর্শক গত ২৯ এপ্রিল উপভোগ করেছিলেন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫’-এর মূল অনুষ্ঠান। কিন্তু এখনো এই অনুষ্ঠানকে ঘিরে দেশ ও দেশের বাইরের কোটি দর্শকের দারুণ আগ্রহ ও কৌতূহল। তাই তাঁদের জন্যই আজ মাছরাঙা টেলিভিশনের পর্দায় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দেখানো হবে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫-এর মূল অনুষ্ঠান। এটি ১৮তম আয়োজন।
মেরিল-প্রথম আলো পুরস্কার এবার ছিল নানা আয়োজনে বর্ণিল। বিজয়ী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া, মনোনীত ও আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন বিশেষ মুহূর্ত আজ উপভোগ করবেন দর্শকেরা। পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে ছিল নানা ধরনের পরিবেশনা। এতে অংশ নেন দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের জনপ্রিয় সব তারকা। এবারের অনুষ্ঠানে কখেনা উপস্থাপক, আবার কখনো ‘জেমস বন্ড’ হিসেবে মঞ্চে দেখা যায় সংগীতশিল্পী তাহসানকে। পাশাপাশি অভিনয়শিল্পী আরিফিন শুভ ও ফারিয়াকে ঘিরে ছিল পুরো অনুষ্ঠানে টান টান উত্তেজনা। অবুঝ মনে সবুজ ভালোবাসা নামে একটি মঞ্চ–চলচ্চিত্রের কেন্দ্রে ছিলেন এই দুই শিল্পী। তা ছাড়া এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আফজাল শরীফ, মৌসুমী হামিদ, মাজনুন মিজান, সাঈদ বাবু ও আরফান। অনুষ্ঠানের বিভিন্ন অংশে ছিল লায়লা হাসান, ডলি ইলবাল, নোবেল, পূর্ণিমা, ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, সজল, মেহ্জাবীন, তানজিন তিশা ও সাবিলা নূরের নাচ। অনুষ্ঠানের একটি বিশেষ অংশে মঞ্চে ওঠেন জাহিদ হাসান, মোশাররফ করিম, মীর সাব্বির ও সাজু খাদেম।
অনুষ্ঠান শুরু হয় সমবেত নৃত্য দিয়ে। এই অংশে মণিপুরি নৃত্য পরিবেশন করেন তামান্না রহমান ও তাঁর দল নৃত্যম নৃত্যশীলন, ওডিশি নাচে ছিলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল নৃত্যনন্দন এবং কত্থক নাচ করেন মুনমুন আহমেদ ও তাঁর দল রেওয়াজ পারফরমারস স্কুল।
মেিরল-প্রথম আলো পুরস্কার ২০১৫-এর জন্য এবার গান গেয়েছেন সন্দীপন, হৈমন্তী রক্ষিত মান, সাব্বির, সালমা, পুলক, কোনাল, পূর্ণ চন্দ্র রায়, সাজেদ ফাতেমী ও লুইপা। গানগুলোর সংগীতায়োজনে ছিলেন শওকত আলী ইমন, ইবরার টিপু, উজ্জ্বল সিনহা ও মেহেদী।