আজ মুখ খুলবেন রিচি

বেশ কয়েক মাস ধরেই অভিনেত্রী রিচি সোলায়মানের দাম্পত্যজীবনের টানাপোড়েন নিয়ে গুঞ্জন ভাসছে। অবশেষে বিষয়টি নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন রিচি। আজ শনিবার রাতে ঢাকার উত্তরায় নিজের বাসায় কথা বলবেন তিনি। একই সময়ে নিউইয়র্ক থেকে রিচির সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন তাঁর স্বামী রাশেকুর রহমান মালিক।
কিছুদিন আগে প্রথম আলোকে একটি মেইল পাঠান রাশেকুর রহমান। মেইলে রিচির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাঁর সঙ্গে আর সংসার করবেন না বলে জানান রাশেক। তখন এ বিষয়ে রিচির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন নাটকের শুটিংয়ে ব্যস্ত আছি। ব্যস্ততা কমার পর রাশেক আর আমি আলোচনায় বসব। তারপর পুরো ব্যাপারটি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলব।’
গতকাল শুক্রবার প্রথম আলোকে ফোন করে রিচি বলেন, ‘আমার ও রাশেকের দাম্পত্যজীবন নিয়ে অনেকে অনেক ধরনের কথা চারিদিকে ছড়াচ্ছেন। এটার বিহিত হওয়া দরকার। শুরুতে ভেবেছিলাম রাশেক দেশে ফিরলে কথা বলব। কিন্তু ব্যাপারটি নিয়ে খুব বেশি জলঘোলা হচ্ছে। তাই মনে করলাম, যা করার এখনই করতে হবে। এ জন্য আজ রাতে সম্মানিত সাংবাদিকদের ডেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশেকের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এরপর থেকে আমাদের দাম্পত্যজীবনের টানাপোড়েন নিয়ে যে গুঞ্জন উঠেছে তার অবসান হবে।’
উল্লেখ্য, ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি রাশেকুর রহমানকে বিয়ে করেন রিচি। ২০১০ সালের ১ অক্টোবর ছেলে সন্তানের বাবা-মা হন তাঁরা। ছেলের নাম রাখেন রায়ান রিদোয়ান মালিক।