আজীবন সম্মাননা পেলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজীবন সম্মাননা নিচ্ছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান (ডান দিক থেকে দ্বিতীয়)
আজীবন সম্মাননা নিচ্ছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান (ডান দিক থেকে দ্বিতীয়)

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এবি ব্যাংক চ্যানেল আই রবীন্দ্রমেলা’১৫। এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান।
আজ সকাল ১০টায় মেলার উদ্বোধন শেষে আতাউর রহমানের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, মেলার প্রধান পৃষ্ঠপোষক এবি ব্যাংকের ডিএমডি মশিউর রহমান, আইএফআইসি ব্যাংকের এমডি ও সিইও শাহ এ. সারোয়ার, কবি আসাদ চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।
পুরস্কার গ্রহণ করে আতাউর রহমান বলেন, ‘আজ আমি যে সম্মাননা পেয়েছি, সেটা আমৃত্যু ধরে রাখব। সেই সাথে বলছি, রবীন্দ্রনাথকে নিয়ে সামান্য কিছু কাজ করে চ্যানেল আই ও আইএফআইসি ব্যাংকের সুবাদে যে সম্মাননা দেখে যেতে পারলাম, এ জন্য নিজেকে গৌরবান্বিত মনে করছি।’
চ্যানেল আই সূত্রে জানা গেছে, মেলার মঞ্চে রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্রসংগীতের অডিও অ্যালবামের মোড়ক খোলা হয়। ‘ভরা থাক স্মৃতিসুধায়’ নামের অ্যালবামটি প্রকাশিত হয়েছে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে।
মেলায় গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, লিলি ইসলাম, সাদী মহম্মদ, আমেনা আহমেদ, সালমা আকবর, সাজিদ আকবর, সরোয়ার হোসেন বাবু, ফাহিম হোসেন চৌধুরী প্রমুখ। আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম ও আফরোজা বানু। দলীয় সংগীত পরিবেশন করে সুরের ধারা। নৃত্য পরিবেশন করে ভোরের পাখি নৃত্যকলা, তারায় তারায় দীপশিখা ও নটরাজের শিল্পীরা। রবীন্দ্র চিত্রকর্ম আঁকেন প্রবীণশিল্পী আব্দুল মান্নান, তরুণশিল্পী তানিম ও শিশু চিত্রশিল্পীরা।
আগত অতিথিদের জন্য মেলায় পরিবেশন করা হয় রবি ঠাকুরের প্রিয় খাবার। মেলার শেষভাগে নবাগত রবীন্দ্র সংগীতশিল্পী জয়ীতা ইমাম জয়ীর প্রথম একক অ্যালবাম ‘আমায় বাঁধবে যদি’র মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া মেলায় ছিল ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৫টি স্টল।