আট বছর পর একসঙ্গে জন-তাহসান

২০০৪ সালে জন ও তাহসান একসঙ্গে দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন। কাছের মানুষ ও অফবিট নামের ওই ধারাবাহিক দুটি পরিচালক ছিলেন আফসানা মিমি। তখন অবশ্য জন ও তাহসান দুজনেই ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৫ সালে জন ব্ল্যাক ব্যান্ডে থাকলেও তাহসান আলাদা হয়ে যান। এরপর তাঁদের দুজনকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। আট বছর পর তাঁরা দুজন একসঙ্গে হলেন, তবে সেটা গানে নয়, ঈদের জন্য নির্মিত একটি খণ্ড নাটকে অভিনয় করলেন তাঁরা দুজন। নাম অ্যাডিকশন। রচনা ও পরিচালনা করছেন শাফায়েত মনসুর রানা। নাটকটিতে জন ও তাহসানের সহশিল্পী তিশা।
জন বলেন, ‘অনেকেই ভিন্ন কিছু মনে করলেও আমরা দুজন কিন্তু ভালো বন্ধু। অনেকে এও মনে করেছেন যে আমাদের মধ্যে দেখা-সাক্ষাৎ হতো না। আসলে তেমন কিছুই না। ব্যান্ড ছেড়ে তাহসান চলে আসার পরও আমাদের দেখা হতো। গান নিয়ে কথা কথা হতো। যে সময়টাতে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম, তা ছিল জীবনেরই তাগিদে। এর মধ্যে অন্য কোনো কিছুই নেই।’
আবার একসঙ্গে কাজ করা প্রসঙ্গে জন বলেন, ‘অ্যাডিকশন নাটকে আমাদের দুজনের একসঙ্গে অভিনয় করানোর পুরো কৃতিত্ব পরিচালকের। তিনি যখন আমাকে জিজ্ঞেস করলেন, তাহসান ও আমাকে নিয়ে একটা নাটক বানাতে চান, তখন আমি খুবই একসাইটেড ছিলাম। কাজ করতে গিয়ে মনে হলো, তাহসান এখন পুরোদস্তুর পেশাদার অভিনেতা।’
এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমরা দুজন পুরোনো বন্ধু। আট বছর পর অভিনয় করলাম। রোববার রাত ১১টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত শুটিং করেছি। অভিনয়ের পাশাপাশি গান নিয়েও অনেক আড্ডা হয়েছে। ভালো লাগছে।’
অ্যাডিকশন নাটকের পরিচালক শাফায়েত মনসুর রানা বলেন, ‘ব্ল্যাক ব্যান্ড থেকে আলাদা হওয়ার পর থেকেই জন ও তাহসানকে নিয়ে ভক্তদের বেশ একটা কৌতূহল ছিল। তাঁদেরকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। নির্মাতা হিসেবে আলাদাভাবে দুজনেরই সঙ্গে আমার কাজ হয়েছে। দুজনই যেহেতু অভিনয় করছেন, তাই ভাবলাম একসঙ্গে তাঁদের নিয়ে নাটকটি বানালে দর্শকদের কৌতূহল কিছুটা হলেও মিটবে। পাশাপাশি আমার গল্পের চাহিদা অনুযায়ীও কাজটি শেষ করা যাবে।’