আঠারো বছরে চ্যানেল আই
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে চ্যানেল আই ১৮ বছরে পদার্পণ করছে। ১ অক্টোবর চ্যানেলটির ১৮তম জন্মদিন। আগামী প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিতে চ্যানেল আইয়ের এবারের ভাবনা ‘আঠারোয় জয়ধ্বনি’।
এবারের জন্মদিন নিয়ে গত বৃহস্পতিবার চ্যানেল আই ভবনের ছাদ–বারান্দায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘যাঁরা হৃদয়ে বাংলাদেশ ধারণ করেন, তাঁরা সবাই চেতনাতেও চ্যানেল আইকে ধারণ করেন। এটিই আমরা মনে করি। আঠারোয় জয়ধ্বনি যখন আমরা বলছি; তখন মনে করি এটা আমাদের অনেক বড় প্রাপ্য যে আমরা সবার সঙ্গে আছি।’ চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘বিগত বছরের মতো আগামী বছরগুলোতে চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেই এগিয়ে চলবে। সবার আগে দেশ, এ বিষয়টি মাথায় রেখেই চ্যানেল আই তার অনুষ্ঠান সাজিয়েছে।’
আঠারোয় জয়ধ্বনি উপলক্ষে আজ সকাল থেকেই দিনব্যাপী মিলনমেলা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর থাকবে চ্যানেল আই–প্রাঙ্গণ। এ ছাড়া ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলাসহ দেশ ও দেশের বাইরেও জন্মদিনের অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হবে চ্যানেল আইয়ের ১৮তম জন্মদিন।