আড্ডা ফুরোয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইরেন টেলিছবির দৃশ্যে বাঁ থেকে: তারিক আনাম খান, মৌ, সুবর্ণা মুস্তাফা ও সাবিলা নূর
সাইরেন টেলিছবির দৃশ্যে বাঁ থেকে: তারিক আনাম খান, মৌ, সুবর্ণা মুস্তাফা ও সাবিলা নূর

দুই স্ত্রীকে নিয়ে শুটিং স্পটে আড্ডা দিচ্ছিলেন তারিক আনাম খান। একজন সুবর্ণা মুস্তাফা, অন্যজন সাদিয়া ইসলাম মৌ। অবশ্য সম্পর্কটি বলবৎ হবে শুধু ক্যামেরা চালু হওয়ার পর। তখন একজন তারিকের সাবেক স্ত্রী, অন্যজন বর্তমান।
গত শুক্রবার বিকেলে চলছিল টেলিছবি সাইরেন-এর তৃতীয় দিনের দৃশ্য ধারণ। রাজধানীর উত্তরার ময়নারটেকের একটি অবকাশযাপন কেন্দ্রের সেই শুটিংয়ে আড্ডাই যেন প্রধান হয়ে উঠেছিল এই অভিনয়শিল্পীদের। তারিক-সুবর্ণার রসায়ন সেই পুরোনো, তাতে যুক্ত হয়েছেন মৌ। তিনজনের ব্যক্তিগত সম্পর্ক পরিবারের মানুষের মতোই। ফলে স্পটের পুকুরঘাট, ছাদ, গ্রিনরুম—যেখানেই বসছেন, গল্প জুড়ে দিচ্ছেন তাঁরা। নতুন শিল্পীরা সেই গল্প-আড্ডা উপভোগ করছিলেন। সেটে বাতি জ্বলে উঠলেও ফুরোচ্ছিল না স্মৃতিচারণা বা গল্প। মৌ বলেন, ‘আমি প্রতিনিয়ত সুবর্ণা আপার কাছ থেকে শিখি, এখনো শিখছি।’ সুবর্ণা মুস্তাফাও চান মৌ নিয়মিত অভিনয় করুন।
ন্যাশনাল স্কুল অব ড্রামার প্রাক্তন শিক্ষার্থী তারিক আনাম খান। সেখানকার ব্যাচমেটদের ফেসবুক গ্রুপ থেকে মজার সব পোস্ট স্মার্টফোনে পড়ে শোনাচ্ছিলেন তিনি। শুটিং স্পটে শোনা সে রকমই একটা পোস্ট: ‘শুরু হলো আটজনের দৌড়। হঠাৎ একজন গেল পড়ে। দেখে বাকিরা সবাই ফিরে এসে তাকে টেনে তুলে আবার একসঙ্গে দৌড় শুরু করল। পরে জানা গেল, তারা সবাই মানসিক রোগী।’
সাইরেন-এর দৃশ্য ধারণ করা হয়েছে উত্তরার একটি শুটিংবাড়ি, বিমানবন্দর ও সোহাগপল্লিতে। অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নিরব, টুটুল চৌধুরী, মাজনুন মিজান, সাবিলা নূর, সুজাত শিমুল প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন এনটিভিতে দেখানো হবে টেলিছবিটি।