আফজাল হোসেনের সঙ্গে তিশা

‘তিনি বলেন, তিনি জানালেন, তিনি এও বলেন—এ–জাতীয় সংবাদ আমি চাই না। এটা পড়লে মনে হয় সেই শিল্পী আপনাকে অনুরোধ করেছেন সংবাদটি প্রকাশ করতে। আমার ক্যারিয়ারের এত বছরেও কিন্তু আমি কোথাও কোনো অনুরোধ করিনি। করতে চাইও না।’ শুরুতেই বলে নিলেন অভিনয়শিল্পী আফজাল হোসেন।
কথা বলার উপলক্ষ ছিল আফজাল হোসেনের অভিনয় করা নতুন নাটক প্রাক্তন। কিন্তু কথার শুরুতে এমন মন্তব্যের কারণে এ বিষয়ে আর কথা এগোয়নি। তবে সাড়ে নয় মিনিটের আলাপে নাটক নিয়ে শুধু বললেন, ‘আমি খুব কম নাটকে অভিনয় করি। নতুন এই নাটকের পরিচালক, ক্যামেরাম্যানসহ সবাই চাইছিল বলেই অভিনয় করা। কোনো সংবাদের জন্য অভিনয় করিনি।’
প্রাক্তন নাটকে আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তপু খান। তবে মূল গল্প লিখেছেন অ্যান্ডি আদনান। গত রোববার নাটকটির শুটিং হয়েছে উত্তরা ও বিমানবন্দর এলাকায়। তার আগেও শুটিং হয়েছে দুই দিন।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক বললেন, ‘একটা প্রেমের গল্প; যেখানে আফজাল হোসেন ও তিশাকে অন্য রকমভাবে আবিষ্কার করবেন দর্শক। আফজাল হোসেন অভিনয় করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চরিত্রে। তিশা শিক্ষার্থী। বাকিটুকু জানা যাবে নাটকটি দেখলে।’
এই দুজন ছাড়াও অভিনয় করেছেন দীপ, শাওন, ইয়ারিশা ও আজাদ।