আফসানা মিমির 'বিএফটিএ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফসানা মিমি
আফসানা মিমি

অভিনেত্রী ও নির্দেশক আফসানা মিমি কাজ করেছেন টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চে। এবার তিনি বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাকাডেমি (বিএফটিএ) নামে অভিনয়ে ডিপ্লোমা করা যাবে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে যাচ্ছেন। কাল বুধবার থেকে উত্তরার ১২ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৯৪ নম্বর বাড়ি ঠিকানায় যাত্রা শুরু করছে আফসানা মিমির নতুন এই প্রতিষ্ঠানটি।


আজ মঙ্গলবার দুপুরে আফসানা মিমি বলেন, ‘এমন একটি প্রতিষ্ঠানের স্বপ্ন দেখছি অনেক দিন ধরে। নাটক তৈরির ফাঁকে ফাঁকে এই প্রতিষ্ঠানের কাজ এগিয়ে নিয়েছি। শুরুতে ‘বিএফটিএ’ একটি ডিসিপ্লিন নিয়েই কাজ করবে। অভিনয়ের ওপর ডিপ্লোমা দেওয়া হবে এখান থেকে। আগামী বছর জানুয়ারি মাসে শুরু হবে এক বছর মেয়াদের এই কোর্স। তিন সেমিস্টারের এই কোর্সে ৬০ জন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। পর্যায়ক্রমে ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, ডিজাইন, এডিটিং, সাউন্ড, মেকআপ এবং আর্ট ডিরেকশন বিষয়ের ওপর ডিপ্লোমা কোর্স চালু করা হবে।’

আফসানা মিমি জানান, কাল বুধবার বিএফটিএর কার্যালয়ে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বিএফটিএ-র ওয়েবসাইট উন্মোচন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করবেন বিএফটিএ-র অন্যতম উপদেষক প্রখ্যাত অভিনেতা ও নাট্যনির্দেশক আলী যাকের।

বিএফটিএর অন্যান্য উপদেষকদের মধ্যে রয়েছেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, চলচ্চিত্র ব্যক্তিত্ব এম এ আলমগীর, ডিজাইনার চন্দ্রশেখর সাহা এবং বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জনপ্রিয় অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা ও আফজাল হোসেন।

২০১৬ সালের জানুয়ারি থেকে বিএফটিএর নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে। আগ্রহীরা ২১ নভেম্বর থেকে বিএফটিএর কার্যালয় থেকে এবং অনলাইনে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আগ্রহীরা বিস্তারিত জানতে পারবেন বিএফটিএ-র ওয়েবসাইট (www.bfta.edu.bd) এবং ফেইসবুক পাতায় (www.facebook.com/bfta.edu)।