আবার অভিনয়ে ফারিয়া শাহরিন

২০১৫ সালের শেষের দিকের কথা। সেই সময় এক নাট্যপরিচালকের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে প্রতারিত হওয়ার কারণে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। ছেড়েও দিয়েছিলেন অভিনয়। চলতি বছরের শুরুর দিকে দুই বছরের জন্য মিডিয়া মার্কেটিং বিষয়ে পড়তে মালয়েশিয়া চলে যান। ছুটিতে সম্প্রতি বাংলাদেশে এসেছেন এই অভিনেত্রী। এসেই আবারও অভিনয় শুরুর কথা জানালেন। নাটকের নাম বাখরখানির প্রেম। এটি পরিচালনা করছেন জীবন শাহাদৎ।
অভিনয়ে ফেরা নিয়ে ফারিয়া বলেন, ‘মালয়েশিয়ায় আমার অনেক ভক্ত আছেন, তাঁদের অনুরোধ এবং বাংলাদেশের অনেক পরিচালকের কথায় আবার অভিনয় করতে যাচ্ছি। একজন পরিচালকের ওপর রাগ করে সবাইকে কেন বঞ্চিত করব?’
এই সাবেক লাক্স তারকা আরও বলেন, ‘এখনো পড়ালেখা শেষ হয়নি। তাই হয়তো নিয়মিত কাজ করতে পারব না। ছুটিতে দেশে এলে ভালো কিছু কাজ করতে চাই।’
বাখরখানির প্রেম নাটকে ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ। এই নাটকের পরিচালক বলেন, ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকায় এর শুটিং হবে।