আবার দেশের বাইরে পিয়া

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা ক্যারিয়ারের শুরুতেই তাঁর ঝুলিতে এসে জমে। দেশের বাইরে গিয়ে ভিনদেশি এজেন্সির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও আছে তাঁর। গেল বছরের শেষ দিকে ভারতের একটি মডেলিং এজেন্সির সঙ্গে কাজ করেছেন তিনি। এবার জান্নাতুল ফেরদৌস পিয়া যাচ্ছেন ইতালির মিলানে। উদ্দেশ্য একই। সেখানকার এক মডেলিং এজেন্সির হয়ে কাজ করবেন তিনি, প্রায় দুই মাসের জন্য। পিয়া বলেন, ‘অনেক দিন ধরেই কথা হচ্ছে ওই এজেন্সির সঙ্গে। অল্প কয়েক দিন আগে চূড়ান্ত হলো। খুব শিগগির মিলানের উদ্দেশে উড়াল দিচ্ছি।’
ভিনদেশি ওই এজেন্সি নিয়ে পিয়া জানালেন, মূলত মডেলিং-সংক্রান্ত কাজ। যেমন: ফ্যাশন শো, পণ্যের প্রচার-সংক্রান্ত মডেলিং, মিউজিক ভিডিওসহ যাবতীয় কাজ করে থাকে তারা।
২০১০ সালে চালু হওয়া এই এজেন্সির নাম ‘দ্য ওয়ান মডেল’।
সম্প্রতি এই মডেল ও অভিনেত্রী শেষ প্রহর নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ছিটমহল নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন এইচ আর হাবিব। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করবেন মৌসুমী হামিদ ও শিমুল খান।
এ ছাড়া পিয়া অভিনীত স্টোরি অব সামারা ও গ্যাংস্টার রিটার্নস নামে দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।