আবার বছর আট পরে...
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন অমিয়। ফাঁকে ফাঁকে কবরফলক লেখেন। অফিসের কর্তা একদিন তাঁকে ডেকে নিজের মেয়ের কবরের জন্য একটি ফলক লিখে দিতে বলেন। তাঁর মেয়ের নাম মিথি। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, বেশি দিন বাঁচবেন না ক্যানসারে আক্রান্ত মিথি। জীবদ্দশায় জেনে যেতে চান, কী লেখা থাকবে তাঁর সমাধিতে। এই গল্প পর্দায় ফুটিয়ে তুলবেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া ও অভিনয়শিল্পী মিথিলা। তবে গল্পটি এখানেই শেষ নয়। গল্পের অমিয় জীবিত আছে এমন কারও এপিটাফ লেখেন না। তবে অফিসকর্তার অনুরোধ তাঁকে রাখতেই হয়। মিথিকে জানতে তাঁর সঙ্গে দেখাও করেন।
নিয়মিত কথা হয় দুজনার, গড়ে ওঠে একটা অন্য রকম সম্পর্ক। একসময় অমিয়কে মিথি বলেন, ‘বেঁচে থাকলে আপনাকে আমি বিয়ে করতাম।’
অমিয় বলেন, ‘আমরা দুজনই এখনো বেঁচে আছি।’ তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেন। কিন্তু মিথির পরিবার সেটা মেনে নেয় না। তবে মিথির জেদের কাছে হার মানে তাঁর পরিবার। তাঁদের বিয়ে হয়। বাসর রাতেই মারা যান মিথি। অমিয় মিথির কবরে লেখেন, ‘একজন সুখী আত্মা।’ এটিই হয় অমিয়র লেখা শেষ এপিটাফ।
নাটকের নাম ‘সুখী আত্মা’। এ নাটকের মাধ্যমে আবার বছর আট পরে একত্রে এক ক্যামেরার ফ্রেমে মুখোমুখি হলেন পার্থ বড়ুয়া ও রাফিয়াত রশিদ মিথিলা। আজ সোমবার উত্তরায় নাটকটির শুটিং শুরু হলো।
পার্থ বলেন, ‘পরিচালক যখন কাজটি নিয়ে আমার কাছে আসেন, তখন বলে দিয়েছিলাম, মিথিলা করলে আমি করব। সে যখন শিডিউল দেবে, সেভাবে আমিও দেব। তার সঙ্গে আমার কাজের ব্যাপারটা এমনই। খুব সহজ!’ ভালো গল্প পেলে মাঝেমধ্যে অভিনয় করেন গানের মানুষ পার্থ বড়ুয়া। জানালেন, এ নাটকের গল্পটি তাঁর পছন্দ হয়েছে। তাঁর বিশ্বাস, ঠিকঠাক শেষ করতে পারলে কাজটি সুন্দর হবে।’
মিথিলা জানালেন, পার্থ বড়ুয়ার সঙ্গে এটি তাঁর তৃতীয় কাজ। তাঁর সঙ্গে কাজ করা মিথিলার জন্য ভীষণ আনন্দের। পার্থর গান ও অভিনয় দুটোই পছন্দ মিথিলার।
তিনি বলেন, ‘কাজের সময় তাঁকে কো-আর্টিস্ট মনে হয় না। মনে হয় পার্থদা আপন মানুষ। হেসেখেলে খুব সহজেই কাজটি হয়ে যায়।’ দীর্ঘদিন একসঙ্গে কাজ না করলেও মিথিলার সঙ্গে দেখা, আড্ডা হতো পার্থ বড়ুয়ার।
তিনি বলেন, ‘এখন করোনার কারণে দেখা-সাক্ষাৎ কমে গেছে। তবে দীর্ঘদিন পর কাজ করছি, সে রকম মনে হচ্ছে না।’
‘সুখী আত্মা’ নাটকটির চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করছেন অলোক হাসান। ঈদুল আজহায় দীপ্ত টিভিতে দেখানো হবে নাটকটি। এর আগে পার্থ বড়ুয়া ও মিথিলা একসঙ্গে কাজ করেছিলেন রেদওয়ান রনি পরিচালিত নাটক ‘আয়না মহল’-এ।