আবার মৌটুসি

পর পর তিন বছর ধরেই অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন অভিনেত্রী মৌটুসি বিশ্বাস। হ্যাট্টিক পার করে এ বছর চতুর্থ বারের মত আবার শুরু করছেন। অনুষ্ঠানটির নাম ‘জিরোক্যাল ড্রিংক অ্যান্ড ডেজার্ট’। মাছরাঙা টিভির এই অনুষ্ঠানটি প্রচার হবে রমজান মাসের ইফতারের আগে আগে।
গেল কয়েকদিন ধরে অনুষ্ঠানটির শুটিং হচ্ছে এফডিসিতে। অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অনেক তারকাই। অনুষ্ঠানটির ধরন সর্ম্পকে মৌটুসি বলেন, ‘আমাদের অনুষ্ঠানে একজন তারকার সঙ্গে একজন সাধারণ দর্শক অতিথি হয়ে আসেন। তারা ড্রিংকস ও ডেজার্টের রেসিপি দেন এবং সেটা এখানেই তৈরি করেন। তৈরির পাশাপাশি নানা বিষয় নিয়ে কথা হয় তাদের সঙ্গে। মোট কথা, অতিথিরাও দারুণ সময় কাটান।’
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মাছরাঙা টিভির প্রযোজক অজয় পোদ্দার। তিনি বললেন, ‘আমরা আগাম ঘোষণা দিয়ে সারা দেশ থেকে ড্রিংকস ও ডেজার্টের রেসিপি আহ্বান করি। সেখান থেকে বাছাই করে দর্শকদের অনুষ্ঠানে ডাকি। তারা তারকাদের পাশাপাশি নিজেরাও একটি ডেজার্ট তৈরি করেন।’
টানা চতুর্থবারের মতো অনুষ্ঠান উপস্থাপক হিসেবে মৌটুসি বিশ্বাসকে নেওয়ার প্রসঙ্গে বলেন, ‘আমাদের অনুষ্ঠানের সঙ্গে একদম মানানসই মৌটুসি। এ কারনেই নেওয়া’।
মাছরাঙা টিভিতে অনুষ্ঠানটি প্রচার হবে আগামী ১লা রমজান থেকে।