আবার রিয়াজ-সাবা

রিয়াজ ও সাবা প্রথম জুটি হয়ে অভিনয় করেন চন্দ্রগ্রহণ সিনেমায়। এরপর তাঁরা দুজন একটি নাটকেও কাজ করেছেন। তাও বছর দুয়েক আগে। এবার ঈদের জন্য নির্মিতব্য একটি খণ্ডনাটকে অভিনয়ের জন্য তাঁরা আবার একত্র হলেন। মাহমুদ দিদার পরিচালিত নাটকের নাম নূপুর। তবারক হোসেন ভূঁইয়ার গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।
গতকাল সোমবার সারা দিন ঢাকার বাংলামোটর এলাকার প্রিয়াংকা শুটিংবাড়িতে নূপুর নাটকের শুটিংয়ে অংশ নেন রিয়াজ ও সাবা। মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে আলাপে রিয়াজ বলেন, ‘গত কয়েক মাসে অসংখ্য নাটকের কাজ করেছি। শুনেছি, বেশির ভাগ নাটকই ঈদে প্রচারিত হবে। নূপুর নাটকের মাধ্যমে মাহমুদ দিদারের সঙ্গে প্রথম কাজ করছি। যদিও প্রথম দিনের অভিজ্ঞতা, তারপরও আমার কাছে তাঁর ভাবনাচিন্তা দেখে মনে হচ্ছে অন্য রকম কিছু একটা হবে।’
এদিকে সহশিল্পী সোহানা সাবা প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘ও তো অভিনয়ে এখন অনেক ম্যাচিউরড। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছে। বেশ স্মার্টও বটে। আমরা যতক্ষণ কাজ করেছি, তাতে সাবার কাজ আগের চেয়ে অনেক ভালো হয়েছে।’
নূপুর নাটকে আরও অভিনয় করছেন মাজনুন মিজান। ঈদে এশিয়ান টিভিতে নাটকটি প্রচারিত হবে বলে জানান মাহমুদ দিদার।