আবার হুমায়ূন আহমেদের 'জরীর বিয়ে'

প্রায় এক দশক আগে হুমায়ূন আহমেদ তাঁর নিজের লেখা গল্প থেকে নির্মাণ করেছিলেন নাটক আজ জরীর বিয়ে। সেই নাটকের জরী চরিত্রে অভিনয় করেছিলেন মেহের আফরোজ শাওন এবং তাঁর পছন্দের ছেলেটি ছিল মাহফুজ আহমেদ। সেই গল্পটিই এবারের ঈদে ফিরছে টিভি পর্দায়। গল্প, চরিত্রের নাম সব আগের মতো থাকলেও, সেই নাটকের জরী এবার বসেছেন নির্মাতার আসনে। আর নাটকে জরীর জায়গাটি নিয়েছেন সাফা কবির। জরীর পছন্দের ছেলের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
জরীকে আবারও পর্দায় ফিরিয়ে আনা নিয়ে এবারের নাটকটির নির্দেশক শাওন বলেন, ‘হুমায়ূন আহমেদের গল্প নিয়ে কাজ করতে সব সময় ভালো লাগে। আগে হুমায়ূন আহমেদের নাটকের জন্য যে সময়, যে শৃঙ্খলা নিয়ে কাজ করেছি, সেই জায়গাটাকে খুব মিস করছি।’
নতুন ‘জরী’র চরিত্রে অভিনয় করা সাফা কবির বললেন, ‘এই নাটকে প্রথমবার জরীর চরিত্রটি করেছিলেন শাওন আপু। এখন আমাকে তাঁরই নির্দেশনায়, তাঁরই সামনে জরীর চরিত্রটি করতে হচ্ছে। ভয় লাগছে, ভালোও লাগছে।’ আগে দেখলেও চরিত্রটি রপ্ত করতে তৌসিফ বেশ কয়বার ইউটিউবে দেখেছেন পুরোনো সেই আজ জরীর বিয়ে। তৌসিফ বলেন, ‘আগে থেকেই স্বপ্ন ছিল হুমায়ূন আহমেদ স্যারের গল্পে কাজ করার। আর এটি তো আমার প্রিয় নাটকের একটি।’
নির্মাতা শাওন জানালেন, নতুন চিত্রায়ণে গল্পের কোনো পরিবর্তন হবে না। এখন নাটকটির শুটিং চলছে রাজধানীর উত্তরায়। এটি আসছে ঈদে আরটিভিতে প্রচারিত হবে। এতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ ও ঝুনা চৌধুরী।