আবার 'সুলতান সুলেমান', সঙ্গে 'ফাতমাগুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সুলতান সুলেমান’ ও ‘ফাতমাগুল’ ধারাবাহিকের দৃশ্য
‘সুলতান সুলেমান’ ও ‘ফাতমাগুল’ ধারাবাহিকের দৃশ্য

তুরস্কের দারুণ জনপ্রিয় ধারাবাহিক ‘সুলতান সুলেমান’ বাংলাদেশের দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছিল ২০১৫ সালের ১৮ নভেম্বর। প্রায় ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোমান সাম্রাজ্যের ষড়যন্ত্র, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা ও দাসপ্রথার অন্তরালে কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই মেগা ধারাবাহিক। এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনি। যার প্রতিদ্বন্দ্বী ছিল সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তী সময়ে সাম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।

ইতিহাসের ওপর ভিত্তি করে তুর্কি ভাষায় ‘সুলতান সুলেমান’ ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মেরাল ওকেয় ও ইয়িল্মায শাহিন। পরিচালনা করেছেন ইয়াগমুর তাইলান, দুরুল তাইলান, মার্ত বাইকাল ও ইয়াগিজ আল্প আকাইদিন। অভিনয় করেছেন খালিদ এরগেঞ্চ, মারিয়াম উজারলি, ভাহিদে পারচিন, রাফিন ইয়ালাবিক, নুর ফেত্তাহগ্লু, ওকান ইয়ালাবিক, নেবাহাত চেহ্রে প্রমুখ।

বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ডাব করে এই ধারাবাহিক প্রচারিত হয়েছে। বাংলাদেশের দর্শকদের কাছেও দারুণ জনপ্রিয়তা পায় ধারাবাহিকটি। ২০১৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত ধারাবাহিকটির ৩৭৬ পর্ব প্রচারিত হয়েছে। দীপ্ত টিভিতে আবার শুরু হচ্ছে বাংলায় ডাব করা ‘সুলতান সুলেমান’। দীপ্ত টিভির কর্তৃপক্ষের মতে, এই ধারাবাহিকের আবেদন শেষ হবে না। দর্শক এখনো বাংলায় ডাব করা সিরিয়ালটি দেখার ব্যাপারে যথেষ্ট আগ্রহী। অনেকেই ধারাবাহিকটি আবারও প্রচার করার জন্য অনুরোধ করছেন। সবার আগ্রহ আর অনুরোধের কথা বিবেচনা করে ‘সুলতান সুলেমান’ আবারও প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল রোববার থেকে নতুন করে আবারও প্রচারিত হবে ‘সুলতান সুলেমান’। সপ্তাহের শনিবার থেকে শুক্রবার প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় ধারাবাহিকটি প্রচারিত হবে।

এদিকে আগামীকাল থেকে দীপ্ত টিভিতে আরেকটি নতুন ধারাবাহিকের প্রচার শুরু হচ্ছে। বাংলায় ডাব করা তুরস্কের তৈরি এই ধারাবাহিক ‘ফাতমাগুল’। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এচে ইয়োরেঞ্চ ও মেলেক গেঞ্চোগ্লু। পরিচালনা করেছেন হিলাল সারাল। অভিনয় করেছেন বেরেন সাত, এঙ্গিন আকায়ুরেক, ফিরাত চেলিক, মুসা উযুনলার, মুরাত দালতাবান, বুশরা গুলসয়, এঙ্গিন অজতুরক প্রমুখ। ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০১২ সালের ২১ জুন পর্যন্ত তুরস্কের ক্যানাল ডি চ্যানেলে প্রচারিত হয়েছে সিরিজটি। এরপর বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ডাব করে প্রচারিত হয়েছে তুরস্কের জনপ্রিয় এই সিরিজ। এবার তা দেখতে পাবেন বাংলাদেশের দর্শক। সপ্তাহের শনিবার থেকে শুক্রবার প্রতিদিন রাত সাড়ে নয়টায় প্রচার করা হবে।

‘ফাতমাগুল’ ধারাবাহিকে দেখা যাবে, সাগরের কোল ঘেঁষে বেড়ে ওঠা ছোট্ট গ্রাম ইলদির। যেখানে দিগন্তজোড়া জলরাশির হাতছানিতে সাড়া দেয় দুরন্ত গাঙচিল। তাদের ছন্দে আনমনে গুনগুনিয়ে গায় এই গ্রামেরই মেয়ে ফাতমাগুল। গুল মানে গোলাপ। মা-বাবা আদর করে ফুলের নামে নাম রাখলেও মেয়েটির জীবনে আর কোথাও ছিল না ফুলেল কোমলতার ছোঁয়া। সহজ-সরল বড় ভাই রাহমি আর কুটিল ভাবি মুকাদ্দেসের সংসারে গালমন্দ আর অবহেলা সহ্য করে দিন কাটে ফাতমাগুলের।

তার সান্ত্বনা শুধু একটাই, ছোট্টবেলার প্রেম মুস্তফা নালচালির ঘরনি হয়ে তারও একদিন একটা সুখের সংসার হবে। কিন্তু হঠাৎ এক ঝড়ে তছনছ হয়ে যায় ফাতমাগুলের সাজানো স্বপ্ন। উচ্চবিত্ত ইয়াশারান পরিবারের বখাটে ছেলে সেলিম, অ্যারদোয়ান আর তার সঙ্গীদের উন্মাদনায় ফাতমাগুলকে হারাতে হয় তার সম্ভ্রম আর সমাজের তথাকথিত নারীর সম্মান।

এ দুর্যোগে কেউ তার পাশে এসে দাঁড়ায়নি! এমনকি ছোটবেলার প্রেম মুস্তফা নালচালিও তাকে ফিরিয়ে দেয়, পুড়িয়ে দেয় স্বপ্নিল সংসারের শেষ চিহ্নটুকু। গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমাতে বাধ্য হয় অসহায় মেয়েটি। কী ছিল ফাতমাগুলের অপরাধ? তবে কি নারী হয়ে জন্মানোটাই তার অপরাধ? নাকি ফাতমাগুল প্রমাণ করে দেখাবে অপরাধী যতই শক্তিশালী হোক, বিচারে তার সাজা হবেই।