আবারও কাছাকাছি শখ-নিলয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শখ-নিলয়
শখ-নিলয়

শখ-নিলয়ের প্রেমের বিষয়ে কমবেশি সবাই জানতেন। সেই প্রেম অবশ্য খুব বেশি দিন টেকেনি। প্রেমে ইতি টানার পর ক্রমেই তাঁদের দূরত্ব বাড়তে থাকে। একসঙ্গে কাজ করা তো দূরের কথা, একে অন্যের ছায়াও মাড়াতেন না তাঁরা। অবশ্য, গত বছরের শেষ দিকে ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির মুক্তির কারণে এই দুজন এক হয়েছিলেন। তবে তা ছিল শুধু ছবির প্রচারণার কারণেই। ব্যক্তিগত দ্বন্দ্ব মিটিয়ে সম্প্রতি আবারও এক হয়েছেন শখ-নিলয়। দুটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের কাজে এই মুহূর্তে তাঁরা দুজন আছেন কলকাতায়।

কলকাতা থেকে নিলয় বলেন, ‘আমাদের মধ্যে কি ছিল তা নিয়ে এখন আর ভাবতে চাই না। আমরা একই ক্ষেত্রে যার যার মতো করে কাজ করি। প্রয়োজনে একসঙ্গে কাজ করছি। পেশাদারি সম্পর্ক বজায় রেখে আমরা কাজ করে যেতে চাই।’

নিলয় এ-ও বলেন, ‘আমরা দুজন কিন্তু বরাবরই খুব ভালো বন্ধু। মাঝে হয়তো কিছুটা ভুল-বোঝাবুঝি হওয়ার কারণে দেখা-সাক্ষাৎ হতো না। তবে আমাদের বন্ধুত্বের সম্পর্ক শেষ হয়েছে বলে আমি বিশ্বাস করতাম না। বন্ধুত্বের সম্পর্কটা নিয়ে পরবর্তী সময়টা থাকতে চাই।’

শখ বলেন, ‘এটা সত্যি যে আমরা দুজন ভালো বন্ধু। বন্ধু হয়ে কাজ করে যেতে চাই।’

বড় পর্দায় শখ ও নিলয় অভিনীত প্রথম ছবিটি হচ্ছে ‘অল্প অল্প প্রেমের গল্প’। এর আগে তাঁরা দুজন একসঙ্গে নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। কাজের সুবাদে দুজনের মধ্যে একটা সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বছর দুয়েক আগে আলোচিত এই জুটির প্রেমের ভাঙন দেখা দিলে দুজনের মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায় বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তাঁরা। এখন কাজের টানে সব ব্যবধান ভুলে আবার একসঙ্গে হয়েছেন তাঁরা।