আবারও গানের ভিডিওচিত্রে শাহ্তাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ্তাজ
শাহ্তাজ

দেশের বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনের মডেল হয়েছেন শাহ্তাজ। অভিনয়ের পাশাপাশি কয়েকটি গানের ভিডিওচিত্র বা মিউজিক ভিডিওতেও তাকে দেখা গেছে। সম্প্রতি আরও একটি নতুন মিউজিক ভিডিও’র মডেল হিসেবে কাজ করলেন শাহ্তাজ। প্রবাসী শিল্পী শায়ান হাসান ও তাসনিয়া হাসানের গাওয়া ‘আনমনে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর জন্য মডেল হয়েছেন তিনি।
মিউজিক ভিডিওর গানের দুই শিল্পী শায়ান ও তাসনিয়া সম্পর্কে ভাইবোন, থাকেন আমেরিকায়। সম্প্রতি দেশে এসে তাঁরা গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করেছেন। সেই সঙ্গে মিউজিক ভিডিওর কাজটাও সেরে ফেলেছেন। আসছে ঈদে এ গানটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে। পাশাপাশি গানটি ইউটিউবেও মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। গানটি লিখেছেন তাসনিয়া হাসান।
দুই ভাইবোনের গানের ভিডিওচিত্রে মডেল হওয়া প্রসঙ্গে শাহতাজ বলেন, ‘আমি একটু বেছে বেছে কাজ করি। গান ভালো লাগলে তবেই মিউজিক ভিডিওতে অভিনয় করি। শায়ানের গানটি ভালো লেগেছে। এ কারণে কাজটি করেও আমি আনন্দিত। সবার চোখেই আলাদা মনে হবে গানটি।’
কথা প্রসঙ্গে শাহ্তাজ জানালেন, এটা তাঁর তৃতীয় মিউজিক ভিডিওর কাজ।
গানটির গীতিকার তাসনিয়া হাসান বলেছেন, ‘আমেরিকায় আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতাম। সবাই বেশ উৎসাহ দিত। সেই উৎসাহের কারণেই ‘আনমনে’ গানটি লেখা। পরে দেশে এসে মিউজিক ভিডিওর কাজটা হাতে নিই।’

শায়ান বলেন, ‘আমরা প্রায় ১০ বছর ধরে দেশের বাইরে থাকি। কিন্তু দেশের টান সব সময়ই অনুভব করি। এ কারণেই গানটি করা।’
‘আনমনে’র শুটিং হয়েছে গুলশানের একটি রেস্তোরাঁ ও উত্তরার কয়েকটি জায়গায়। গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাশেদ মজুমদার।