আবারও জুটি জন-অপর্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন-অপর্ণা
জন-অপর্ণা

এক বছর আগে ভালোবাসা দিবসের নাটকে জুটি হয়ে অভিনয় করেছিলেন সংগীতশিল্পী জন ও অভিনেত্রী অপর্ণা। ‘অতঃপর...’ নামের সে নাটকটির পরিচালক শাফায়েত মনসুর রানা। বছর ঘুরতে না ঘুরতে আবারও একসঙ্গে নাটকে অভিনয় করতে যাচ্ছেন জন ও অপর্ণা। নাটকের নাম ‘আমি আকাশ পাঠাব’। এবারের নাটকটির পরিচালকও শাফায়েত মনসুর রানা।
এ প্রসঙ্গে জন বলেন, ‘আমি তো অভিনেতা নই। তার পরও কাছের মানুষদের কাছ থেকে মাঝেমধ্যে অভিনয়ের প্রস্তাব পাই। তাঁরা আমাকে ভেবেই গল্প তৈরি করেন। এবার কাজ করছি দর্শকের গল্পে। নির্মাতার কাছ থেকে গল্পটা শুনে সত্যিই খুব ভালো লেগেছে। নাটকটিতে নতুনত্ব থাকবে। আর নির্মাতার নির্মাণ নিয়ে নতুনভাবে বলার কিছু নেই। তাঁর সঙ্গে আমার বোঝাপড়াটাও খুব চমৎকার।’
অপর্ণা বলেন, ‘“ইচ্ছেঘুড়ি” ধারাবাহিক নাটকে অভিনয় করে রানার সঙ্গে আমার পরিচয়। তাঁর সঙ্গে কাজ করার দ্বিতীয় দিন থেকেই মনে হয়েছে, এই নির্মাতার ওপর বিশ্বাস ও আস্থা দুটোই রাখা যায়। এরপর আমরা একসঙ্গে কাজ করেছি। এবারের কাজটি নিয়ে আগাম কিছু বলতে চাই না। ভালো কিছু যে হবে, এটা পুরোপুরি নিশ্চিত।’
জন প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘গত বছর ভালোবাসা দিবসে আমরা একসঙ্গে অভিনয় করি। সেই কাজটির জন্য অনেক প্রশংসা পেয়েছি। নাটকটিতে কাজ করতে গিয়ে শুরুতে খুব ভয় লাগছিল। কারণ, আমাদের কাছে ব্ল্যাক ব্যান্ডের জন ক্রাশ ছিলেন। পরে অবশ্য নির্মাতার সহযোগিতায় সেই ভয় কাটিয়ে উঠি। এবার সেই ভয়টা থাকবে না। কাজটি করার জন্য অধীর অপেক্ষায় আছি।’
নাটকটির নির্মাতা রানা জানিয়েছেন, ৬ থেকে ৯ ফেব্রুয়ারি ঢাকায় একটানা নাটকটির শুটিং করা হবে। এরই মধ্যে নাটকটির জন্য একটি গানও তৈরি করা হয়েছে। গানটির কথা লিখেছেন রানা নিজেই। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রাফা।