আবারও শুরু হচ্ছে 'আমরাই পারি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরাই পারি’
‘আমরাই পারি’

আবারও শুরু হচ্ছে ছোটপর্দার অনুষ্ঠান ‘আমরাই পারি’। তৃতীয় মৌসুমের এ অনুষ্ঠানটি শুরু হচ্ছে আগামীকাল থেকে এটিএন বাংলায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের এক সঙ্গে কাজ করে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোর বেশ কয়েকটি সাফল্যের কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই অনুষ্ঠানটি।
আট পর্বের এ অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে। এসব অঞ্চলের নানা ধরনের সমস্যা ও এর সমাধানের চেষ্টা এবং উদ্যোগের কাহিনি নিয়েই তৈরি হয়েছে ‘আমরাই পারি’।
এ ছাড়া, এই অনুষ্ঠানে দৈনন্দিন বিভিন্ন সমস্যার সহজ ও সাশ্রয়ী নানা সমাধানও তুলে ধরা হয়েছে।
এ তালিকায় আছে কুতুবদিয়া দ্বীপের বাঁধ প্রতিরক্ষা, সহজ উপায়ে বাঁশ প্রক্রিয়াজাতকরণ, সাতক্ষীরায় স্থানীয় মানুষদের ম্যানগ্রোভ বনায়নের চেষ্টা এবং লালমনিরহাটে নতুন উপায়ে পুকুরের পানি পরিশোধনের মতো নানা গল্প।
তবে আগামীকাল যে পর্বটি প্রচারিত হবে, সেখানে দেখানো হবে পিরোজপুরের হোতখালি গ্রামের খালের অতিরিক্ত পানির কারণে এলাকায় বাড়তে থাকা জলাবদ্ধতা ও তা থেকে মুক্তির গল্প।
‘আমরাই পারি’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সোহেল হোসেন, দীপান্বিতা ইতি, মনোজ কুমার প্রামাণিক ও সাহানা রহমান।
বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত এই অনুষ্ঠানটি তৈরি হয়েছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও ইউরোপিয়ান কমিশনের হিউম্যানিটারিয়ান এইড ডিপার্টমেন্ট-এর আর্থিক সহায়তায়।
‘আমরাই পারি’ অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি রবিবার রাত ৮টায় এটিএন বাংলায় এবং পুনঃপ্রচারিত হবে প্রতি বুধবার সকাল ৯: ৩০ মিনিটে।