আমরা খুব সাধারণ জীবন যাপন করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী
ছবি: সংগৃহীত

‘৭৩০ দিন আমার সঙ্গে পার করতে পারার জন্য তোমাকে অভিনন্দন।’ স্বামী অভিনেতা সৈয়দ জামান শাওনকে উদ্দেশ্য করে ফেসবুকে লিখেছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। জানালেন আজ তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। বিশেষ দিন নিয়ে নেই কোনো পরিকল্পনা। বিবাহবার্ষিকী বাসা বদল করতেই কেটে যাচ্ছে।

শুভ বিবাহবার্ষিকী, দিনটা কেমন কাটছে?
ধন্যবাদ। আমাদের বিশেষ কোনো আয়োজন নেই। আমরা বাসা পরিবর্তন করছি। মিরপুর ডিওএইচএসের একটি বাসায় থাকি। এখন পাশেই আরেকটি বাসায় উঠছি। দিনটা বাসা বদল করতেই চলে যাচ্ছে। বাসাবদলের মধ্যে শুধু মায়ের বাসায় খেতে এসেছি, এই।

কথাগুলো শেষ করেই হাসতে থাকেন এই অভিনেত্রী। বোঝা যায়, ৭৩০ দিন বেশ ভালো কেটেছে। সেটা নিজের মুখেই জানালেন। টয়া বলেন, ‘জীবনের আপস অ্যান্ড ডাউন মিলিয়েই সময়টা কাটিয়েছি। সেলিব্রেটি মানেই যে জীবনটা সব সময় ভালো যাবে, তেমন না। আমরা খুব সাধারণ জীবন যাপন করি। আমাদেরও মান-অভিমান আছে। একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত পার করেছি।’

একটি শর্টফিল্ম করতে গিয়ে টয়া ও শাওনের বন্ধুত্ব তৈরি হয়
ছবি: সংগৃহীত

বিয়ের পর থেকে টয়া সাধারণ গৃহবধূর মতো সংসার করতে চেয়েছিলেন। কিন্তু শুটিংয়ের ব্যস্ততার কারণে পারেননি। তিনি মনে করেন, পরিবারকে অনেক সময় দেওয়া দরকার। চাইলেও ব্যস্ততায় একসঙ্গে কোথাও যাওয়ার কথা থাকলেও সেটার জন্য বেশির ভাগই সময় হয়ে ওঠে না। তবে তাঁরা দুজনই দুজনের ওপর খুশি। টয়া বললেন, ‘স্বামীর ওপর আমি এক শ ভাগ খুশি। তাকে এক শতে এক শ-ই দেব।’ এই সময় তিনি আরও বলেন, ‘শাওন খুবই ভালো মানুষ। খুবই কেয়ারিং, ও রেসপনসিবিলিটিজ পালন করার মতো ছেলে। ও পরিবারকে খুবই ভালোবাসে। পৃথিবীতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় পরিবারকে। ওর অনেক গুণ। সেই তুলনায় দোষ নেই বললেই চলে। শুধু অল্পতেই রেগে যায়। কিন্তু পরেই বুঝতে পারে হঠাৎ রেগে যাওয়া ঠিক হয়নি। আর প্রেম ও বিয়ের পর প্রত্যেকটি মানুষই কিছুটা বদলে যায়। সেটা ১০ বছর প্রেমের পরেও, কিছুটা পরিবর্তন স্বাভাবিক।’

টয়া ও শাওন। ছবি:প্রথম আলো

সৈয়দ শাওনের কাছে স্ত্রীর তেমন কোনো দোষ নেই। প্রেম থেকে তাঁদের পরিচয়। পরে বিয়ের দুই বছর পার হলেও, টয়ার মধ্যে তেমন পরিবর্তন দেখতে পান না শাওন। তিনি বলেন, ‘বিয়ের পরে আমাদের ভালোবাসাটা আরও বেড়েছে। টয়া এখন আগের চেয়ে অনেক গোছানো। অনেক কেয়ারিং। মাঝেমধ্যে ঝগড়াঝাঁটি হয়, কিন্তু আমাদের দিনগুলো ভালো কাটছে। আমি টয়ার সঙ্গে হ্যাপি।’

এই অভিনেতা মনে করেন, ভালোবাসায় মনোমালিন্য থাকবে, এটাও ভালোবাসার বহিঃপ্রকাশ। কোন বিষয়গুলো নিয়ে আপনাদের ঝগড়া হয়। ‘আমার টাইম ম্যানেজমেন্ট নিয়েই টয়ার অভিযোগ বেশি। মাঝেমধ্যে ও অনেক রেগে যায়। কিন্তু টয়ার গুণ বলে শেষ করা যাবে না। ওর অনেক ধৈর্য। রেগে গেলেও দ্রুত ঠান্ডা হয়ে যায়।’ শেষে জানালেন, ‘আমাদের বিয়ে ২৯ ফেব্রুয়ারি। আমরা ২৮ ফেব্রুয়ারির পরের দিন দিনটিকে বিবাহবার্ষিকীর জন্য এবার বেছে নিয়েছি। বাসাবদলের কাজ শেষ হলে রাতে একসঙ্গে ডিনারের যেতে পারি। এই মাসের মাঝামাঝিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

টয়া ও শাওন। ছবি:প্রথম আলো

একটি শর্টফিল্ম করতে গিয়ে টয়া ও শাওনের বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কের শুরু। প্রেমের সম্পর্ক তৈরির চার মাসের মাথায় পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বিয়ে করেন তাঁরা। লাক্স চ্যানেল সুপারস্টার প্রতিযোগিতার ২০১০-এর সেরা দশে ছিলেন টয়া। এরপর নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে পরিচিতি পান। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। শাওনও নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন।