‘আমরা চাই পরিচালকেরা গিল্ডের সদস্য হোক’
ডিরেক্টরস গিল্ডের একটি অভ্যন্তরীণ নোটিশকে কেন্দ্র করে নাটক বানানো বিষয়ে ভুল বার্তা ছড়িয়ে পড়েছে, জানালেন টেলিভিশন নাটক পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু। তিনি বলেন, নাটক বানাতে কারও কোনো বাধা নেই। আমরা চাই পরিচালকেরা গিল্ডের সদস্য হোক।
সম্প্রতি ডিরেক্টরস গিল্ডের সদস্যদের জন্য একটি নোটিশে ২৫ নভেম্বরের মধ্যে তাঁদের সদস্যপদ হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় চ্যানেলগুলোর কাছে পাঠানো সদস্যদের তালিকায় নাম রাখা হবে না।
গিল্ডের সদস্য হলে অনেক সুযোগ–সুবিধা আছে। পেশাদাররা সংগঠনে যুক্ত হলে সেটি সবার জন্য ভালো।
সালাহউদ্দিন লাভলু বলেন, গিল্ডের সদস্য হলে অনেক সুযোগ–সুবিধা আছে। পেশাদাররা সংগঠনে যুক্ত হলে সেটি সবার জন্য ভালো।
জানা গেছে সদস্যদের অনেকে দীর্ঘদিন সংগঠনের মাসিক চাঁদা দিচ্ছেন না। ডিরেক্টরস গিল্ডের গঠনতন্ত্রের ধারা ৭ এর (ঘ) অনুযায়ী ১ বছরের চাঁদা অনাদায়ী থাকলে সংগঠনের সদস্যপদ স্থগিত হবে। এ পরিস্থিতিতে সদস্যপদ হালনাগাদ না করা সংগঠনের বেশ কয়েকজন সদস্যের নাম বাদ যাবে।
সংগঠনটি জানিয়েছে, তারা কেবল হালনাগাদ করা সম্মানিত সদস্যদেরই সহযোগিতা করবে। সদস্যপদ হালনাগাদ না করলে চ্যানেলগুলোতে পাঠানো তালিকা থেকেও অনেক সদস্যের নাম বাদ পড়বে।
সালাহউদ্দিন লাভলু বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পরিচালকদের বলে আসছি, তাঁরা যেন সংগঠনের সদস্য হন। কারণ জাতীয়ভাবে আমাদের কোনো ডেটা নেই। দেশে কতজন পরিচালক আছেন এই তথ্য না আছে আমাদের কাছে, না আছে সরকারের কাছে। সদস্য হলে সবার সঙ্গে সবার যোগাযোগ তৈরি হয়, তাঁদের সমস্যাগুলো সমাধানে আমরা সাংগঠনিকভাবে এগিয়ে আসতে পারি।’