আমান আশরাফ জিটিভির নতুন এমডি

গাজী স্যাটেলাইট টেলিভিশনের (জিটিভি) নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন আমান আশরাফ ফায়েজ। আজ সোমবার থেকে তিনি কাজে যোগ দিয়েছেন। গত ২৬ আগস্ট জিটিভির বিশেষ জরুরি সভায় প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান গাজী গোলাম আসরিয়ার উপস্থিতিতে চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী এই ঘোষণা দেন।
আমান আশরাফ ফায়েজ ১৫ বছরের বেশি সময় ধরে দেশি এবং বিদেশি প্রতিষ্ঠানের ব্র্যান্ড বিল্ডিং, মিডিয়া চ্যানেল ম্যানেজমেন্ট, ব্র্যান্ড অ্যাকটিভেশন, রুরাল মার্কেটিং, মার্কেটিং রিসার্চ এবং পিআর ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানে কাজ করেছেন।
আমান আশরাফ ক্লোজআপ-1, লাক্স-চ্যানেল আই সুপার স্টার, লাক্স-চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড (ইউএই), গ্রামীণফোন দুনিয়া কাঁপানো ৩০ মিনিট, আমার দেশ আমার গল্প, পাওয়ার ভয়েজ, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম-দ্যা আল্টিমেট ম্যান, গ্রামীণফোন পাওয়ার প্লেসহ (বিপিএল) বিভিন্ন আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে তত্ত্বাবধায়নে জড়িত ছিলেন।
জিটিভির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়া প্রসঙ্গে আমান আশরাফ বলেন, ‘বাংলাদেশের ক্রমবর্ধমান টেলিভিশন শিল্পের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ায় গাজী পরিবারকে ধন্যবাদ। পরিবর্তনশীল এই গণমাধ্যমে গাজী স্যাটেলাইট টেলিভিশনের (জিটিভি) পর্দায় দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসার প্রত্যয়ে যাত্রা শুরু করছি। সকল গণমাধ্যম কর্মী, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা ও সর্বোপরি দর্শকদের দোয়া ও শুভকামনা প্রত্যাশা করি।’