‘আমার জীবনের অনেকটা জায়গাজুড়ে আছেন তিনি’

লেখক হিসেবে হুমায়ূন আহমেদ যেমন জনপ্রিয় ছিলেন, নির্মাতা হিসেবেও কম জনপ্রিয় ছিলেন না। ব্যতিক্রমী সব নাটক–সিনেমা বানিয়ে বাঙালিকে তিনি আটকে রাখতেন টিভির পর্দায়। বিশেষ করে তাঁর টিভি নাটকগুলো ছিল রসপূর্ণ। সেসব নাটকে যাঁরা অভিনয় ও গান করেছেন, বলা চলে তাঁদের অনেকেরই জনপ্রিয়তা ও প্রতিষ্ঠা লাভের পেছনে হুমায়ূন আহমেদের ছিল প্রত্যক্ষ ভূমিকা। জন্মদিনে সেই ভূমিকার কথা স্মরণ করলেন শিল্পীরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আহমেদ

ফারুক আহমেদ মোহাম্মপুর গভর্নমেন্ট স্কুলে পড়তেন অভিনেতা ফারুক আহমেদ ও কার্টুনিস্ট আহসান হাবিব। হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ উপন্যাস পড়ে ভক্ত হয়ে গেছেন ফারুক। বন্ধু আহসান হাবিবের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে পরিচয় হয় তাঁর বড় ভাই হুমায়ূন আহমেদের সঙ্গে। এই ছিল প্রথম পরিচয়।

পরে এই হুমায়ূন আহমেদের কল্যাণে বদলে যায় অভিনেতা ফারুকের জীবন। ১৯৮৩ সাল থেকে মঞ্চে কাজ করেন ফারুক আহমেদ। ছিলেন নাটকের দল থিয়েটারে। একদিন ডাক পেলেন পরিচালক রিয়াজ উদ্দিন বাদশার কাছ থেকে। ফারুক বলেন, ‘হুমায়ূন আহমেদের লেখা নাটক “অচিনবৃক্ষে” কাজ করার প্রস্তাব পেলাম। তিনি আমাকে স্ক্রিপ্ট এগিয়ে দিয়ে পড়তে বললেন। আমি পড়লাম। তিনি বললেন, “ঠিক আছে, চলবে।” সম্ভবত ১৯৯২ সালের কথা। এরপর “মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে”, “আজ রবিবার”সহ অনেক নাটকে কাজ করেছি। হুমায়ূন ভাইয়ের কাজ সংখ্যায় সবচেয়ে বেশি আমিই করেছি।’

হুমায়ূন আহমেদ

নির্মাতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের পেছনে তাঁর অবদান অনেক। নব্বইয়ের দশক থেকে টিভি নাটকে কাজ শুরু করি। টেলিভিশন আসার পর হুমায়ূন ভাই আমাকে অনেক ব্রেক দিয়েছেন। নানা রকম চরিত্রে অভিনয় করিয়েছেন। আমার জীবনের অনেকটা জায়গাজুড়ে আছেন তিনি। আর এখনো তিনি আমার অন্তরে রয়ে গেছেন। আমি চিরকৃতজ্ঞ তাঁর কাছে। যতটা কাজ করি, মানুষ মূল্যায়ন করে মিডিয়াতে, এটা তাঁর কারণে।’