আমার ধারণা ছিল যে বাদ পড়ব
আজ অভিনেতা আবদুন নূর সজলের জন্মদিন। এই দিনে শুটিংয়ের কাজে ঢাকার বাইরে তিনি। কথা বললেন বর্তমান ব্যস্ততা ও জীবনের নানা প্রসঙ্গ নিয়ে।
প্রশ্ন :
জন্মদিনের আগাম শুভেচ্ছা। কাল (আজ) পরিকল্পনা কী?
কোনো পরিকল্পনা নেই। আগেই বান্নাহকে একটা ডেট দেওয়া ছিল। তাই কাল (আজ) এটার শুটিং করছি। আমার এমনিতেই খুব প্রিয় পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। পরে চেঞ্জ করতে পারতাম কিন্তু করিনি।
প্রশ্ন :
এখন ব্যস্ততা কী নিয়ে?
খুব বেশি এখন ফিকশন করছি না। ঈদের জন্য খুব বেশি কিছু করব না। হাতে গোনা চার–পাঁচটা কাজ করব। কিছু ওয়েবের কাজ করা হচ্ছে। ঢাকায় এসে চূড়ান্ত করব।
প্রশ্ন :
এখন কোথায় আছেন?
এখন আছি ঢাকার কাঞ্চন ব্রিজ ক্রস করে একটা এলাকায়। শুটিংয়ের কাজে। আজ শুরু করলাম। কালও করব।
প্রশ্ন :
উপস্থাপনা দিয়ে আপনার বিনোদন ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু হয়েছিল...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের উৎসাহে উপস্থাপনায় আসা। তখন মাত্র ভর্তি হয়েছি। তাঁর সঙ্গে পরিচয় একটা রিয়েলিটি শোতে কাজ করার সময়। সেখানে বিজয়ী হই। সেখানে হয়তো আমাকে ভালো লেগেছিল। তখন আমাকে উপস্থাপনার জন্য বলেন। আমি লাকি যে অডিশনে টিকে যাই। কারণ, জাহাঙ্গীরনগর থেকে তখন ট্রান্সপোর্ট এত ভালো ছিল না। লোকাল বাসে এসেছিলাম। বাসের ছাদে মাছ নিয়ে উঠেছেন লোকজন। আমার শার্টে পানি পড়ে একদম ভিজে জবজবে। আমার ধারণা ছিল যে বাদ পড়ব। ওখান থেকে পরে শর্ট লিস্ট, গ্রুমিং সেশন, তারপর শোটা করি।
প্রশ্ন :
আপনি একসময় রংমিস্ত্রি হতে চেয়েছিলেন, রংমিস্ত্রির প্রতি এই ভালো লাগা শুরু হয় কখন?
ছোটবেলায় স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে একটা রিকশা ঠিক করা ছিল। আমরা তখন থাকতাম হাজারীবাগ। আমি পড়তাম রাইফেলসে। ওখান থেকে রাইফেলস খুব দূরেও নয়। কিন্তু একটা রিকশা ঠিক করা ছিল। সে রিকশা খুব রঙিন ছিল। তখন রিকশার পেছনে বাংলা ছবির দৃশ্য পেইন্ট করা থাকত। সেখানে আমি রিকশার পেছনে দেখলাম যে সজল আর্ট, সজল মিস্ত্রি লেখা। যখন ওটা দেখতাম, তখন নিজেকে কানেক্ট করতাম যে বড় হয়ে রংমিস্ত্রি হতে পারলে বেশ ভালো হবে। এই কালারের কাজগুলো এখনো ভালো লাগে। যদিও এখন আর রিকশা পেইন্ট সে রকম দেখা যায় না। তবে ওই মোটিফের কাজও আলাদাভাবে ভাবায়।
প্রশ্ন :
আপনার জন্মদিন উপলক্ষে কিছু বলতে চান?
একটা বিষয় একটু নিজে থেকেই বলতে চাই। আমি অনেক দিন ধরে কাজ করছি ইন্ডাস্ট্রিতে। সবার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। এই ইন্ডাস্ট্রিতে এত দিন ধরে, ২০ বছরের বেশি হয়ে গেছে কাজ করছি। এটা সম্ভব হতো না, যদি সবাই সহযোগিতা না করতেন। দর্শক তো আছেনই, বিশেষ করে আমার প্রোডাকশন টিম, লাইট ক্রু, কো-আর্টিস্ট, ডিরেক্টর—সবার কাছ থেকে আমি এই লেভেলের ভালোবাসা পেয়েছি, যেটা ভেরি রেয়ার। সবার কাছে আমি কৃতজ্ঞ।