আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ বছর আগে ‘রঙের মানুষ’ ধারাবাহিকে দিলখুশ চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন আয়েশা সালমা মুক্তি। অভিনয় করেছেন বিজ্ঞাপনচিত্র আর চলচ্চিত্রেও। কিন্তু খুব নিয়মিত অভিনয়ে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি ইউটিউবে একটি ধারাবাহিক নাটকে শিক্ষিকার চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন। কথা হলো তাঁর সঙ্গে।
আয়েশা সালমা মুক্তি
ছবি: ফেসবুক
প্রশ্ন:

‘সুইটি ম্যাডাম’ কেমন আছেন?

আরে বাহ! আপনিও দেখেছেন বুঝি? জানেন, বহুদিন পর মাবরুর রশিদ বান্নাহর ‘বদমায়েশ পোলাপাইন’ নাটকের সুইটি ম্যাডাম চরিত্রটি নিয়ে সবাই কথা বলছে। আমিও এই চরিত্রটিতে ভীষণ আনন্দ নিয়েই কাজ করেছি। এই নাটকের বেশির ভাগ দর্শক তরুণ প্রজন্মের। অনেক দিন পর চুপেচাপে এমন একটি গল্পে কাজ করেছি। এই ধরনের গল্পে এখন সাধারণত নাটক হয় না। প্রতিটি দৃশ্যে অভিনয় করে খুবই মজা পেয়েছি। ‘রঙের মানুষ’ ধারাবাহিকের দিলখুশ চরিত্রের সুইটি ম্যাডাম নিয়ে সবার কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। এর আগে এই পরিচালকের ‘আমি বিয়ে করব না’ নাটকের ভালো দর্শক প্রতিক্রিয়া পেয়েছি।

অভিনেত্রী আয়েশা সালমা মুক্তি
ছবি: ফেসবুক
প্রশ্ন:

আপনি কি চুপিসারে কাজ করতে পছন্দ করেন?

আমি কাজ করি, কাজ করতে ভালোবাসি। আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। কাজের আগে আওয়াজের চেয়ে কাজ প্রচারিত হওয়ার পর আওয়াজ হওয়াটাই ভালো।

প্রশ্ন:

করোনায় কাজের সংখ্যা কেমন?

নতুন স্বাভাবিকে কাজ করছি, তবে সংখ্যাটা এখন কম। প্রস্তাব পেলেও বেছে বেছে মনের মতো কাজ করছি। এখন ইউটিউবের কাজই বেশি।

অভিনেত্রী আয়েশা সালমা মুক্তি
ছবি:সংগৃহীত
প্রশ্ন:

ইউটিউবে নাটক আর টেলিছবিতে সুবিধা কী বলে মনে করেন?

ইউটিউবে বা অনলাইনে নাটক কিংবা টেলিছবি প্রচারিত হলে চটজলদি সাড়া পাওয়া যায়। তাই আমাদের অনেকের এখন টেলিভিশন থেকে অনলাইনে ঝোঁক বেশি। এখন টেলিভিশন খুব কমই দেখি। টেলিভিশনে কী চলে, সেই তথ্যটাও খুব বেশি জানি না। করোনায় তো সবাই ওটিটির দিকে বেশি নজর দিয়েছে।

প্রশ্ন:

আপনিও কি ওটিটির কাজ করছেন?

এখনো শুরু করিনি। প্রস্তাব পাচ্ছি কিন্তু কনভিন্সড হচ্ছি না। মানসিক শান্তি পাই, এমন কাজের সন্ধানে আছি। তাই অপেক্ষা করতে হবে।

‘রঙের মানুষ’ ধারাবাহিকে দিলখুশ চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন আয়েশা সালমা মুক্তি
ছবি: ফেসবুক
প্রশ্ন:

মানসিক শান্তি দেয় কোন ধরনের কাজ?

যেসব গল্পে আমার অভিনয় করার চ্যালেঞ্জ থাকে, নিজে আনন্দ পাই, দর্শকেরা দেখে মজা পান এবং শিক্ষণীয় কিছু থাকে, তেমন কাজই মানসিক প্রশান্তি দেয়।

প্রশ্ন:

অনেকে বলে থাকেন, ‘রঙের মানুষ’ ধারাবাহিকের দিলখুশ চরিত্রে অভিনয়ের পর আপনার কাজের সংখ্যা আরও বেশি হওয়া উচিত। আপনার মত কী?

আমিও এমনটা শুনেছি। কাজের পরিমাণ আর জনপ্রিয়তা আরও বেশি হওয়া যৌক্তিক ছিল। তবে ওই চরিত্রে অভিনয়ের পর একই ধরনের চরিত্রের প্রস্তাবই আমার কাছে বেশি আসা শুরু হয়। বাংলাদেশে কোনো একটি ধারার চরিত্র জনপ্রিয়তা পেলে সেই টাইপে সবাই হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু আমি ওই পথে হাঁটতে চাইনি। তাই কাজও কম হয়েছে। এরপর ট্র্যাক বদল করতে সিনেমায় কাজ শুরু করি। সিনেমার পর কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করলাম।

অভিনেত্রী আয়েশা সালমা মুক্তি
ছবি: ফেসবুক