আমি এবং মলম পার্টি

সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি, ভালোই কেটেছে ঈদটা।
ঈদের নাটকে শুটিং করতে গিয়ে যে বিপাকে পড়েছিলাম, সে গল্পটাই বলব আজ আপনাদের। দুই ঈদেই আসলে শিল্পীরা টেলিভিশন নাটকে বেশি কাজ করার সুযোগ পান। তাই, এ সময়টাতেই বৈচিত্র্যময় চরিত্রগুলোয় অভিনয় করার সুযোগ মেলে। আমিও অনেক শিল্পীর মতোই ঈদের সময় ভয়ানক ব্যস্ত ছিলাম। কিন্তু ২০ সেপ্টেম্বর ঘটা একটি ঘটনার পর আমি আসলে খুব শঙ্কিত হয়ে উঠি। সে কথাই আজ বলব আপনাদের।
২০ সেপ্টেম্বর রাতে আমি মলম পার্টির কবলে পড়ি। উত্তরার স্ক্রিপ্ট শুটিং হাউসে চলছিল টেলিফিল্ম ‘মৌরানী’র শুটিং। রাত আনুমানিক একটার সময় শুটিং শেষ করে বের হই আমি। মাসকট প্লাজার সামনে থেকে একটি সিএনজি অটোরিকশায় করে রওনা দিলাম মিরপুরের বাসার উদ্দেশে। খিলক্ষেত ফ্লাইওভারের নিচে আসতেই চালক হঠাৎ অটোরিকশা থামিয়ে দিল। বললাম, কী হয়েছে? বলতে না বলতেই মুহূর্তেই তিনজন সশস্ত্র লোক অস্ত্র তাক করে সিএনজিতে উঠে পড়ে। ছিনিয়ে নেয় সঙ্গে থাকা নগদ ১০,০০০ টাকা এবং দুটি মোবাইল ফোন। ওদের বলেছিলাম, সবকিছু নিয়ে যাও কিন্তু আমার কোনো ক্ষতি করো না। কিন্তু না, চোরে না শোনে ধর্মের কাহিনি। হঠাৎ দুজন আমার হাত চেপে ধরল আর অন্য একজন আমার চোখে মলম লাগিয়ে দিল। কি যে সেই যন্ত্রণা! এ ধরনের ঘটনার শিকার না হলে সেটা কেউ বুঝতে পারবে না।
যাওয়ার আগে ওরা আমাকে যা বলল, তার সারমর্ম হলো, সব কিছু ছিনিয়ে নেওয়ার পর মলম লাগিয়ে দেওয়া নাকি তাঁদের ওস্তাদের হুকুম।
যন্ত্রণায় ছটফট করি আমি। তারপর ফাঁকা রাস্তার একপাশে আমাকে নামিয়ে দেয় ওরা। স্থানীয় লোকজনের সহযোগিতায় আমি গিয়ে পৌঁছাই বিমানবন্দর-সংলগ্ন এলাকার একটি পুলিশ বক্সে। সেখান থেকে চোখে পানি ও বরফ ঢেলে পুলিশি সহযোগিতায় অন্য একটি অটোরিকশায় করে চলে যাই আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। সেখান থেকে চিকিৎসা নিয়ে রাত চারটার দিকে বাসায় ফিরি আমি। পরের দিন থেকেই চোখে সানগ্লাস পরে ঘুরতে হচ্ছে। এমনকি পরের দিনগুলোতে শুটিংও করেছি সানগ্লাস পরে। এই অভিজ্ঞতা থেকে বলছি, ‘কেউ যদি কখনো মলম পার্টির আক্রমণের শিকার হন, সরাসরি চলে যাবেন আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের জরুরি বিভাগে। রাত-দিন ২৪ ঘণ্টা তারা সেবা দিয়ে থাকে।’