আমি লজ্জিত
কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোচ্চার। বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনয় অঙ্গনের জ্যেষ্ঠ শিল্পী আবুল হায়াত
শারদীয় দুর্গোৎসবে সারা দেশে যে সহিংসতা দেখলাম, তাতে আমি লজ্জিত। এসব খুবই লজ্জাজনক ঘটনা। তবে এসবে কার কী স্বার্থ, জানা তো সম্ভব না। আমরা তো আর রাজনৈতিক লোকজন না।
যাঁরা রাজনীতি করেন, তাঁরাই এসব বের করতে পারেন, ভালো বুঝতে পারেন। আমরা চাইব যে সরকার গুরুত্ব দিয়ে বিষয়টাকে দেখবে। এ ক্ষেত্রে সরকারেরই দায়িত্ব সর্বপ্রথম। রাজনৈতিক দলগুলোর দায়িত্বও কম না।
সব রাজনৈতিক দলের উচিত সরকারের সঙ্গে হাত মিলিয়ে এ ধরনের সমস্যা সমাধানে এগিয়ে আসা। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের যে সুনাম ছিল, এসব সহিংসতা দিয়ে তা নষ্ট করার চেষ্টা চলছে। অনেকে বলবেন, মানুষ বিদ্বেষী হয়ে উঠছে, কিন্তু আমার তো মনে হয় মানুষকে বিদ্বেষী করার চেষ্টা করা হচ্ছে।
আগেও বলেছি, আমি রাজনীতি করিও না, রাজনৈতিক কারও সঙ্গে ওঠাবসাও নেই। একজন সাধারণ মানুষ হিসেবে মনে হয়, এ ধরনের ঘটনা আমাদের জন্য ভীষণ লজ্জার।
এ ধরনের সমস্যা সমাধানে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মানুষকে বোঝাতে হবে। আপনাকে কেউ কিছু বলল আর আপনি উত্তেজিত হয়ে যাবেন, তা তো হয় না।
একই সঙ্গে নিজেকেও বুঝতে হবে, এ ধরনের ঘটনা কেন ঘটছে। আসলে মানুষের সঙ্গে তো আমাদের রাজনৈতিক দল কিংবা সরকার, যাদের কথাই বলি না কেন, কারওই কোনো সম্পৃক্ততা নেই।
মানুষের কথাই তো আমরা ভুলে গেছি। আপামর জনসাধারণের কথা তো এখন কেউ মনে রাখে না। যাঁরা ওপরতলায় থাকেন, তাঁরা তো নিজেদের নিয়েই ব্যস্ত। জনসাধারণকে গণ্য করতে হবে, তাদের বুঝতে হবে। জনসাধারণের সঙ্গে রাজনৈতিক দল, সামাজিক আন্দোলনকারী—সবাই যদি ঘনিষ্ঠভাবে মেশেন এবং সবাইকে বোঝান, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না।