আর ব্যাচেলর নন আসিফ!

গতকাল শনিবার প্রথম আলো থেকে প্রকাশিত হয়েছে বর্ণিল খাবারদাবার ম্যাগাজিনটি। সেখানে ব্যাচেলর রান্নার দুটি রেসিপি দিয়েছেন মডেল ও অভিনেতা কাজী আসিফ। মজার ব্যাপার হলো, ম্যাগাজিনটি যখন বাজারে পৌঁছে গেছে, তখনই খবর এল তিনি আর ‘ব্যাচেলর’ নেই! রেসিপির সঙ্গে রসিকতা কি না কে জানে, আসিফ সম্প্রতি বিয়ে করে ফেলেছেন। কানাডাপ্রবাসী কনের নাম শামীমা আক্তার। আসিফের এই হঠাৎ বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। ৭ সেপ্টেম্বর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন আসিফ ও শামীমা। বিয়ে প্রসঙ্গে আসিফ বলেন, ‘আপাতত বিয়ের পরিকল্পনা ছিল না। পারিবারিক কারণেই হুট করে বিয়েটা করতে হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
বিয়েটা হুট করে হলেও আগামী বছরের শুরুতে সবাইকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা আছে তাঁর। আসিফের স্ত্রী শামীমা আক্তার নার্সিং পেশার সঙ্গে যুক্ত। আপাতত শামীমা কিছুদিন দেশেই থাকবেন, এরপর যাওয়া-আসার মধ্যে থাকবেন বলে জানিয়েছেন আসিফ।