বাংলাভিশনে ঈদের দিন রাত আটটায় প্রচারিত হবে নাটক আরোহণ। বিপাশা হায়াতের রচনা ও তৌকীর আহমেদের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, নাদিয়া প্রমুখ। সাধারণ একটি জীবন চিত্রা আর মিলনের। মিলন একটি বেসরকারি অফিসের সামান্য কর্মকর্তা। তার আজকের দিনটি শুরুই হলো বাজে একটা স্বপ্ন দিয়ে। স্বপ্নে সে দেখল সে আর মানুষ নেই। একটা কুকুরে পরিণত হয়ে রাস্তার ধারে ঘেউ ঘেউ করছে। কেউ এসে একটা বন্দুক তুলে তার দিকে গুলি ছোড়ে। তখনই তার ঘুমটা ভেঙে যায়। পাশে চিত্রা শুয়ে বেঘোরে ঘুমাচ্ছে। মনে পড়ল আজ তার একটা জরুরি মিটিংয়ে ঠিক আধা ঘণ্টার মধ্যে পৌঁছানোর কথা। সে দ্রুত রেডি হয়ে চিত্রার সঙ্গে একটা ডিম পোচ নিয়ে ঝগড়া করে বেরিয়ে গেল। নানা প্রতিকূলতায় পেরিয়ে নির্দিষ্ট সময়ের অনেক পরে অফিসে পৌঁছাল মিলন। কিন্তু অফিসে পৌঁছে শোনে মিটিং আজ নয়, গতকাল ছিল। ফলে তাকে চরম অপমানের সম্মুখীন হতে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।