আলমারিতে স্পর্শিয়ার ৪ ঘণ্টা!

ঢাকার শান্তিনগরের একটি হোটেলকক্ষের আলমারিতে ৪ ঘণ্টা বন্দী ছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে কোনো বিপাকে পড়ে সেখানে বন্দী হননি তিনি। ‘রঙিন দ্বিধা’ নামের একটি নাটকের শুটিংয়ে চরিত্রের প্রয়োজনে তাঁকে এমনটা করতে হয়েছে।
‘রঙ্গিন দ্বিধা’ নাটকে স্পর্শিয়ার সঙ্গে আরও অভিনয় করছেন রিয়াজ। নাটকে তাঁর চরিত্রটি নিয়ে দারুণ রোমাঞ্চিত স্পর্শিয়া। কারণ এই চরিত্রের জন্য তাঁকে এমন কিছু কাজ করতে হয়েছে, যা এর আগে অন্য কোনো নাটকে অভিনয়ের বেলায় ঘটেনি। এ নিয়ে স্পর্শিয়া বলেন, ‘নাটকে আমি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছি। গল্পের এক পর্যায়ে আমাকে একটি ঘরের ভেতর লুকিয়ে থাকতে হয়। তখনই আমি ওই আলমারির ভেতর ঢুকি। এই দৃশ্যটি পরিচালক এক টেকের লম্বা একটি শটে নিতে চেয়েছেন। তাই অনেক সময় নিয়ে বার বার শটটি নিতে হয়েছে। আর ওই আলমারিটা এত ছোট ছিল যে, বার বার এর ভেতরে ঢোকা ও বেরুনো অনেক কঠিন ছিল। তাই শট ওকে না হওয়া পর্যন্ত আমাকে ওর ভেতরই বসে থাকতে হয়েছিল। প্রায় ৪ ঘণ্টা ওই আলমারির ভেতর আমাকে বসে থাকতে হয়!’
এ নাটকের দৃশ্যধারণ সপ্তাহখানেক আগে শেষ হয়েছে। নাটকটি রচনা করেছেন আনিসুল হক। পরিচালনা করেছেন শামীম শাহেদ। এটি আসছে ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার।