আশঙ্কামুক্ত, তবে এখনো দুর্বল মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুর রহমান মিলন
প্রথম আলো

অভিনেতা আনিসুর রহমান মিলন এখন কিছুটা সুস্থ। চিকিৎসকের পরামর্শে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন এই অভিনেতা। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি আশঙ্কামুক্ত। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি শারীরিকভাবে এখনো দুর্বল।
অভিনয় শিল্পী সংঘ সূত্র জানায়, রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসকেরা মিলনের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করে জানান, এই অভিনেতার হার্ট অ্যাটাক হয়েছিল। তখন জরুরি ভিত্তিতে ওই হাসপাতাল থেকে তাঁকে আরেকটি হাসপাতালে নেওয়া হয়। শ্বাসকষ্ট থাকায় সেখানকার চিকিৎসকেরা ধারণা করেছিলেন, এই অভিনেতা করোনাভাইরাসে আক্রান্ত। তবে পরীক্ষায় ফল নেগেটিভ আসে। এমনকি পরীক্ষায় তাঁর হার্টেও কোনো সমস্যা পাননি চিকিৎসকেরা। তবে শ্বাসকষ্ট থাকায় তাঁকে সিসিইউতে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। কিছুটা ভালো বোধ করায় গত শুক্রবার তাঁকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। পরদিন গত শনিবার তিনি বাসায় ফিরেছেন।

মিলন এই মাসের প্রথম দিকে শুটিং করতে করতেই কিছুটা অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকেই তিনি বাসায় ছিলেন। পরে তিনি শরীরে জ্বর বোধ করেন। সেই সঙ্গে যোগ হয় শ্বাসকষ্ট। তখনই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসায় তাঁর কোনো রোগ ধরা পড়েনি।

কেমন আছেন মিলন জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে এই অভিনেতা জানান, এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। তাঁকে বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে। এমনকি কথা বলার ক্ষেত্রেও রয়েছে বাধ্যবাধকতা।

আনিসুর রহমান মিলন
সংগৃহীত

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, মিলন এই মাসের প্রথম দিকে শুটিং করতে করতেই কিছুটা অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকেই তিনি বাসায় ছিলেন। পরে তিনি শরীরে জ্বর বোধ করেন। সেই সঙ্গে যোগ হয় শ্বাসকষ্ট। তখনই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসায় তাঁর কোনো রোগ ধরা পড়েনি। শিল্পীদের এই নেতা বলেন, ‘কিছুটা সুস্থ বোধ কারায় মিলনকে চিকিৎসকের পরামর্শে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। তাঁর শ্বাসকষ্ট এখন কিছুটা কম। তবে শরীর এখনো কিছুটা দুর্বল। তিনি নিয়মিত ওষুধ খাচ্ছেন। কিছুদিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন।’ মিলন অসুস্থ থাকায় তাঁর সব কটি নাটকের শুটিং স্থগিত রাখা হয়েছে। ছোট ও বড় পর্দার বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। এখনো সাত দিন তাঁকে বিশ্রাম নিতে হবে।

আনিসুর রহমান মিলন। ছবি: প্রথম আলো

মিলন শৈশব থেকেই ’আর্তনাদ’ থিয়েটারের সঙ্গে যুক্ত হন। তাঁর ইচ্ছা ছিল বিমানবন্দরে চাকরি করার। পরে তিনি পড়াশোনা শেষ করে ব্রিটিশ কাউন্সিলের ডেমোক্রেসি ওয়াচের একটি প্রকল্পে কাজ করেন। কিছুদিন একটি ব্যাংকেও চাকরি করেছেন তিনি। পরবর্তী সময়ে এই চাকরি ছেড়ে তিনি অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করে। সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় চ্যানেল আইয়ের ধারাবাহিক নাটক ‘রঙের মানুষ’-এ অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন। একে একে এই অভিনেতা ছোট পর্দায় ‘জয়িতা’, ‘অতঃপর, ‘শুভাগমন’, ‘প্রজাপতিকাল’, ‘হাতকুরা’, ‘মধুময়রা’সহ অসংখ্য দর্শকনন্দিত নাটকে অভিনয় করে নির্মাতাদের আস্থাভাজন হয়ে ওঠেন। তাঁর হাতে রয়েছে ‘গাঙচিল’সহ বেশ কটি ছবি। মিলন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘হাজার বছর ধরে’। ছবিতে তিনি নৌকার মাঝি করিম শেখ চরিত্রে অভিনয় করেন।