আশাবাদী আগুন

‘৭১ এর মা জননী’ ছবিতে নিপুণের সঙ্গে অভিনয় করেছেন সংগীতশিল্পী আগুন। ছবিটি মুক্তিযুদ্ধের। এ কারণেই ছবিটি নিয়ে দারুণ আশাবাদী আগুন। ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুরুতেই বললেন, ‘এটা এমন একটা ছবি যে,১০-২০ বছর পরেও ছবিটি সবাই দেখবেন।’
ছবিটির ব্যাপারে নিজে নম্বরও দিলেন এভাবে, ‘এই ছবিকে চোখ বন্ধ করে এক শতে চল্লিশ নম্বর দেব আমি। কারণ আমি এ ছবিতে অভিনয় করেছি, আমি জানি, আর যাই হোক; এ ছবিকে পাস নম্বর দিতেই হবে।’ তিনি বলেন, ‘অনেকে অবশ্য সত্তর, আশি নম্বর দিয়ে বসে আছেন। আমি অমন নই। তাই পাশ নম্বরই দিয়ে রাখলাম।’
ছবি প্রসঙ্গে আগুন আরও বলেন, ‘এ ছবি মুক্তিযুদ্ধের। আমার বিশ্বাস, ছবিটি একসময় সব মানুষের কাছে পৌঁছাবে। সবাই একসময় বাহবা দেবেন।’
গেল বছর মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহ আলম কিরণ পরিচালিত ‘৭১ এর মা জননী’ ছবিটি। এবছর ছবিটি মুক্তি পাচ্ছে আনুষ্ঠানিকভাবে। এমনটাই জানিয়েছেন এ ছবির পরিচালক।
তবে, সরকারি অনুদানে নির্মিত ‘৭১ এর মা জননী’ ছবিটি মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মসের ব্যানারে। ছবিটির মুল গল্প নেয়া হয়েছে আনিসুল হকের ‘জননী সাহসিনী ১৯৭১’ থেকে।
ছবি মুক্তির তারিখ প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, ছবিটি আগামী ১৮ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
আগুন বর্তমানে শুটিং করছেন মোক্তাদির ইবনে ছালাম পরিচালিত ‘রঙের দুনিয়া’ ছবিতে। এ ছবিতে তিনি শাহ আব্দুল করিমের চরিত্রে অভিনয় করছেন।
শুটিংয়ের ফাঁকে নতুন গান তৈরি নিয়েই ব্যস্ত এই শিল্পী।