আশিতে উজ্জ্বল তিন 'তরুণ' তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌসী মজুমদার, আতাউর রহমান ও দিলারা জামান: ছবি: প্রথম আলো
ফেরদৌসী মজুমদার, আতাউর রহমান ও দিলারা জামান: ছবি: প্রথম আলো

যে তিনজন মানুষকে নিয়ে আজ বলব, তাঁদের একজন আটাত্তর, একজন উনআশি ও আরেকজন আশিতে পা রেখেছেন। ফেরদৌসী মজুমদার, দিলারা জামান ও আতাউর রহমান। আজ দিলারা জামানের জন্মদিন। গতকাল ছিল অন্য দুজনের। এই আশি এবং আশির কাছাকাছি থেকে কীভাবে তাঁরা উজ্জ্বল ও উজ্জীবিত এবং তরুণ, তা নিয়েই কথা।

ফেরদৌসী মজুমদার মঞ্চ ও টেলিভিশন নাটকের এক প্রিয়তম মুখ। তিনি যে অভিনয় করেন, দর্শকদের কখনোই সেটা মনে হয়নি। কেননা, তাঁর অভিনয়টা বোঝাই যেত না। বরং মনে হতো, তিনি বুঝি আসলেই ওই চরিত্র। চরিত্রের দুঃখে দর্শক কেঁদেছেন, চরিত্রের সুখে হেসেছেন। একসময় তিনি প্রিয় হয়ে উঠেছেন বাংলার দর্শকদের কাছে। ‘কোকিলারা’, ‘সংশপ্তক’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ তাঁকে করে রেখেছে কিংবদন্তিতুল্য। অভিনয়কে ভালোবেসে কাটিয়ে গেছেন এক সাধারণ জীবন। তাই তিনি আজও সচল ও স্বচ্ছন্দ।

আতাউর রহমান বাংলার নাট্য আন্দোলনের প্রধান পুরুষদের অন্যতম। বাংলার মঞ্চনাটককে সম্মানজনক আসনে পৌঁছে দিতে যাঁদের অবদান অতুলনীয়, তিনি সেই দলের একজন। নাটক নির্দেশনা ও অভিনয়, দুই-ই করেছেন অত্যন্ত সার্থকতার সঙ্গে। এই বাংলায় দর্শনির বিনিময়ে প্রথম মঞ্চনাটক ‘বাকি ইতিহাস’-এ অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন বহু টেলিভিশন নাটকে। এই বয়সেও মঞ্চে ‘ডিয়ার লায়ার’ নাটকে তাঁর অভিনয় চমকে দেয় দর্শকদের। নাটক তাঁকে রেখেছে আমোদিত, করেছে সম্মানিত।

টেলিভিশন নাটকে মধ্যবিত্ত পরিবারের মা বা দাদি-নানির চরিত্রে দিলারা জামানকে বেশি দেখা যায়। নাটক, সিনেমা, বিজ্ঞাপনচিত্রে তিনি এখনো সরব। বিটিভির ‘এই সব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘আগুনের পরশমণি’ বা ‘মনপুরা’য় তাঁর অভিনয় কে ভুলতে পারে? একদল মানুষের সঙ্গে কাজ করতে পারছেন বলেই এখনো সচল আছেন বলে মনে করেন তিনি।

করোনাকালে জন্মদিনকে বিশেষ দিন হিসেবে পালন করছেন না কেউই। আতাউর রহমানের জন্মদিন উদ্‌যাপন পর্ষদ অনলাইনে শুভেচ্ছা বিনিময়ের একটি আয়োজন করেছিল। জন্মদিনে তাঁদের কাছে জানতে চাই ফেলে আসা জীবনের আলোকে নিজের উপলব্ধি, এখনো সচল থাকা ও কাজ করে যাওয়ার গূঢ় রহস্যের কথা।

ফেরদৌসী মজুমদার। ছবি: সংগৃহীত
ফেরদৌসী মজুমদার। ছবি: সংগৃহীত

সবাইকে নিয়ে বাঁচতে হবে
ফেরদৌসী মজুমদার

জন্মদিনটা অন্য দিনগুলোর মতোই কেটে গেল। রান্না, খাওয়া, পড়ালেখা করার পাশাপাশি বিটিভিতে ‘সংশপ্তক’ দেখছি, যেটা আগে দেখা হয়নি। ঘটা করে জন্মদিন পালন করতে কখনোই ভালো লাগে না। ভাবতেই পারিনি যে এতগুলো দিন এভাবে ঘরের ভেতর আটকে থাকতে পারব। কিন্তু জীবন ঠিকই কেটে যাচ্ছে। দুটা জিনিস ভালো হয়েছে, প্রকৃতিটা সুন্দর হয়ে উঠছে আর মানুষ এত কাল যা করতে পারত না, সেসব কাজ শিখছে, করছে। আমাদেরও শেখাচ্ছে যে সবাইকে নিয়ে বাঁচতে হবে। সবাইকে পরিচ্ছন্ন রাখতে হবে। একাকিত্ব মানুষকে দুর্বল করে দেয়। তাই কাউকে না কাউকে পাশে রাখতে হবে। আমাকে যে মেয়েটা দেখভাল করে, সে আমার ভালো বন্ধু হয়ে উঠেছে। তাকে আপন করে নেওয়ায় আমারও লাভ, তারও লাভ। সে আমাকে মনের কথা বলে, আমি তাঁকে বলতে পারি।

তরুণদের বলতে চাই, যা করতে ভালোবাসো, সেটাই মন দিয়ে করো। দেখবে, তোমার বিরুদ্ধে থাকা মানুষটিও সাহায্যে এগিয়ে এসেছে।

আতাউর রহমান। ছবি: সংগৃহীত
আতাউর রহমান। ছবি: সংগৃহীত

আমার একটা স্বপ্ন আছে
আতাউর রহমান

মুক্তিযুদ্ধের আগে থেকে আমি নাটক করি। চোখের সামনে দেশ স্বাধীন হতে দেখেছি। ছাত্র ইউনিয়নের কালচারাল ফ্রন্ট সংস্কৃতি সংসদের ‘তাসের দেশ’–এ রাজপুত্রের ভূমিকায় অভিনয় করেছি।

৫০ বছরের বেশি সময় ধরে নাটক করছি। এত দিন নাটক করছি বলেই হয়তো এখনো সচল আছি। নাটকের সুবাদেই দেশ-বিদেশে প্রচুর বন্ধু পেয়েছি। নাটকের জন্যই বহুবার বহু দেশ ভ্রমণ করেছি, কিন্তু কখনোই বিদেশে থেকে যাওয়ার ইচ্ছা হয়নি। রক্তের সঙ্গে এ দেশের মাটি মিশে আছে, দুঃখ-দুর্দশাও আছে, তবু দেশের জন্য প্রেমও আছে।

সামনে বাঁচার সংগ্রাম। সংসার, অফিস, জীবন চালাতে হবে। স্বপ্ন ও সংগ্রাম ছাড়া মানুষ বাঁচে না। আমার একটি স্বপ্ন আছে। সেটি হচ্ছে মহামারির এই দুর্দশা থেকে মানুষ শিক্ষা নেবে। এই সময় মানুষকে নতুন উপলব্ধি দেবে, যা থেকে উৎকৃষ্ট সাহিত্য, নাটক ও সিনেমা হবে। দেশে দেশে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। মানুষে মানুষে ভ্রাতৃত্বের সৃষ্টি হবে।

দিলারা জামান। ছবি: সংগৃহীত
দিলারা জামান। ছবি: সংগৃহীত

বেশি চাওয়া থেকেই যত অশান্তি
দিলারা জামান

ছয় বছর হলো আমার ৫০ বছরের সাথি চলে গেছে। প্রায় নিঃসঙ্গ জীবন কাটাচ্ছি। অভিনয় করে যাচ্ছি বলেই হয়তো এতটা বছর টিকে আছি, ভালো আছি। জন্মদিন আর দশটা দিনের মতো করেই কেটে যাবে। তিনটা মাস ঘরে আটকে কষ্ট পাচ্ছি। মানুষের মধ্যে থাকলেই বরং আনন্দে থাকি। বিধাতার কাছে প্রার্থনা, মনের জোর যেন হারিয়ে না ফেলি।

এই দীর্ঘ জীবনে আমার উপলব্ধি হচ্ছে, মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়ে বলেই মানবজাতিকে কষ্ট পেতে হয়। মানুষ যদি অন্যের কথা ভাবে, তাহলে সে নিজে ভালো থাকে, তার আশপাশের মানুষ ভালো থাকে। ভালোবাসা ও মায়া যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সবার জন্যই মঙ্গল। আমি যে কাজটি করি, সেটা বিরাট কোনো প্রাপ্তির জন্য নয়, অন্যকে আনন্দ দিয়ে তাদের ভালোবাসা পাওয়ার জন্য। আরেকটা ব্যাপার মনে হয়েছে, অনেক বেশি চাওয়া থেকেই মানুষের জীবনে অশান্তির সৃষ্টি হয়। প্রয়োজনকে সীমার মধ্যে রাখলে মানুষ ভালো থাকতে পারে।