আসছে 'কমেডি ৪২০'

বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে হাস্যরসে ভরপুর ধারাবাহিক নাটক ‘কমেডি ৪২০’। নাটকটিতে অভিনয় করেছেন দেশের একঝাঁক তারকা অভিনয়শিল্পী। টিপু আলমের মূল ভাবনায় ‘কমেডি ৪২০’ নাটকটি লিখেছেন আকাশ রঞ্জন। পরিচালনা করেছেন ফরিদুল হাসান। অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আ খ ম হাসান, মীর সাব্বির, ফারুক আহমেদ, আলভী, অহনা, হুমায়রা হিমু, সিদ্দিক, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, কচি খন্দকার, তারিক স্বপন, ম ম মোর্শেদ প্রমুখ।
‘কমেডি ৪২০’ নাটক সম্পর্কে টিপু আলম বলেন, ‘বর্তমান সময়ে দর্শকেরা বিনোদনধর্মী নাটক দেখতে বেশি আগ্রহী। ‘কমেডি ৪২০’ নাটকটি নির্মল হাস্যরস আর বিনোদনে ভরপুর একটি নাটক। নাটকে হাসি-আনন্দের মাধ্যমে সমাজের বর্তমান বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি নাটকটি দেখে দর্শকেরা আনন্দ পাবেন।’
২০ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি শনি, রবি, সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারতি হবে নাটকটি।
