আসাদুজ্জামান নূরের টুকরো তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোথাও কেউ নেই নাটকে আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফা
কোথাও কেউ নেই নাটকে আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফা

সুবর্ণার সঙ্গে স্মরণীয় রসায়ন
বাংলাদেশে কোন শিল্পীর সঙ্গে অভিনয়ে স্বাচ্ছন্দ্য বেশি? এ প্রশ্ন করতেই অতীতে ফিরে গেলেন আসাদুজ্জামান নূর। বললেন সুবর্ণা মুস্তাফার নাম। জানালেন, সহশিল্পী হিসেবে বোঝাপড়ার জায়গা এবং অভিনয়ের স্বাচ্ছন্দ্য বেশ ভালোই ছিল তাঁদের। তাই তো বাকের ভাই ও মুনা জুটির সেই রসায়ন এখনো জীবন্ত সবার মনে। তা ছাড়া তিনি বললেন মিতা চৌধুরীর নামও। একসময় অনেক কাজ করেছেন নূর ও মিতা। তাই এখনো যখন পুরোনো কাজের কথা মনে পড়ে, তখন সহ-অভিনেত্রী হিসেবে উঠে আসে সুবর্ণা ও মিতার নাম।
ভালো ছাত্র
স্কুল-কলেজে ছাত্র হিসেবে খুব ভালোই ছিলেন তিনি। তবে পাঠ্যবই পড়তে ভালো লাগত না আসাদুজ্জামান নূরের। ম্যাট্রিক পরীক্ষায় দুই বিষয়ে লেটার মার্কস পেয়ে পাস করেছিলেন। গণিত আর আরবিতে ছিল লেটার মার্কস। এরপরই ভালো রেজাল্ট করা ছেলেকে নিয়ে মা-বাবার সে কী প্রত্যাশা! আইন পড়তে ছেলেকে পাঠানো হবে রাজশাহী। কিন্তু ছেলের আবদার একটাই, আইন পড়তে হলে তাঁকে ঢাকায় পাঠাতে হবে। মা-বাবাও ছেলের আবদার মেনে নিলেন। স্কুলের পর কলেজ শেষ করে নীলফামারী থেকে আসাদুজ্জামান নূর আইন বিষয়ে পড়তে চলে এলেন ঢাকায়। স্বপ্নের শহরে।

সোফিয়া লরেন
সোফিয়া লরেন

স্বপ্নের সোফিয়া লরেন, সুচিত্রার প্রেমে হাবুডুবু
‘তাঁদের নায়ক হওয়ার স্বপ্ন ছিল না কখনো, তবে তাঁদের স্বপ্নে পাওয়ার ইচ্ছা ছিল!’ কোন নায়িকার নায়ক হওয়ার ইচ্ছা আছে মনে? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে এভাবেই বলে নেন আসাদুজ্জামান নূর। এরপর বলেন সেই স্বপ্নে পাওয়া রাজকন্যাদের নাম। তালিকার প্রথমেই আছেন সুচিত্রা সেন। নূর বলেন, ‘সুচিত্রা সেনের প্রেমে রীতিমতো হাবুডুবু খেতাম। শুধু আমি নই, আমার বন্ধু, আমার বয়সী—সবাই সুচিত্রার প্রেমে মগ্ন হয়ে থাকত।’ এর পরের নামটি সোফিয়া লরেনের। টু ওম্যান ও সানফ্লাওয়ার ছবির কথা মনে করতেই তাঁর চোখ যেন জ্বলে ওঠে পুরোনো স্মৃতিতে। তিনি বলেন, ‘স্বপ্নের নায়িকা ছিলেন তিনি। এখনো কী গ্রেস, তাই না?’ এ সময়ের মেরিল স্ট্রিপও মুগ্ধ করেন আসাদুজ্জামান নূরকে।

সুচিত্রা সেন
সুচিত্রা সেন

পাকা হকি খেলোয়াড়
খেলার প্রতি দারুণ ঝোঁক আসাদুজ্জামান নূরের। এখনো ক্রিকেট কিংবা ফুটবল বিশ্বকাপ এলে রাত জেগে দেখেন খেলা। ১৯৭১ সালে ১ মার্চ ঢাকা স্টেডিয়ামে চলছিল ক্রিকেট ম্যাচ। সেখানে বেধে যায় গন্ডগোল। সে সময় আসাদুজ্জামান নূরও দর্শক হিসেবে ছিলেন গ্যালারিতে। তবে ক্রিকেট নিয়ে তাঁর অনেক গল্প থাকলেও মূলত আসাদুজ্জামান নূর কিন্তু পাকা হকি খেলোয়াড়। তিনি যখন কলেজছাত্র, তখন নীলফামারী থেকে ঢাকায় এসেছিলেন হকি খেলতে। একসময়ের জাতীয় দলের খেলোয়াড় বশির আর প্রতাপ হাজরার বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু শেষ নাগাদ মাঠের তারকা না হয়ে তিনি হয়ে গেলেন অভিনয়ের কিংবদন্তি।
১৯ পরিবার!
নিজের জন্মদিনটাই শুধু ৩১ অক্টোবর। বাদবাকি সবই তাঁর ১৯-এ ঘেরা। আসাদুজ্জামান নূরের বিবাহবার্ষিকী ১৯ নভেম্বর। ছেলের জন্মদিন ১৯ মার্চ, মেয়ের ১৯ অক্টোবর। অদ্ভুত এই কাকতালের কথা মনে পড়তেই মনখোলা হাসি দিয়ে দিলেন তিনি।