আসামি ধরতে হেলিকপ্টারে শতাব্দী ওয়াদুদ!

পুলিশ কর্মকর্তা শতাব্দী ওয়াদুদ। ডাকাত চরিত্রে মামুনুর রশীদ। যেকোনো উপায়ে আসামি ধরার কাজটি করতে হবে পুলিশ কর্মকর্তা শতাব্দীকে। সব অভিযান যখন ব্যর্থ তখন আশ্রয় নিতে হয় হেলিকপ্টারের। প্লাস-মাইনাস-এ এভাবেই আসামি ধরার জন্য হেলিকপ্টারে চড়তে হলো শতাব্দীকে। শেষ পর্যন্ত সফলও হলেন। সম্প্রতি ঢাকার অদূরে পুবাইলে হেলিকপ্টারে চড়ে আসামি ধরার এই দৃশ্য ধারণের কাজটি শেষ হয়েছে।
মিজানুর রহমান লাবুর পরিচালনায় নাটকটি পরিচালনা করেছেন রবিন খান। আসামি ধরার দৃশ্যটি ধারণ করার জন্য সাড়ে তিন ঘণ্টার জন্য হেলিকপ্টার ভাড়া করতে হয় পরিচালককে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শতাব্দী ওয়াদুদ বলেন, ‘প্লাস-মাইনাস নাটকের কাজটি বেশ আয়োজন করে করা হয়েছে। এর আগে হেলিকপ্টারে চড়া হয়েছে কিন্তু হেলিকপ্টারে চড়ে নাটকের শুটিং করা হয়নি। হেলিকপ্টার থেকে আমি দিকনির্দেশনা দিচ্ছি। পুরো ব্যাপারটি কিন্তু বেশ রোমাঞ্চকর ছিল। মনে হচ্ছিল নাটক নয়, ফিল্মের শুটিং করছি।’
হাসিন বলেন, ‘বেশ ভালো লেগেছে নাটকটিতে কাজ করতে গিয়ে, বিশেষ করে গল্পের প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের বিষয়টি ভিন্ন রকম ভালো লাগা দিয়েছে। চমৎকার গল্প আর ভিন্নধর্মী এই নাটকটি দেখে অনেকেরই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
রবিন খান বলেন, ‘আমার নির্মাণে আমি বরাবরই বৈচিত্র্য রাখার চেষ্টা করি। গত ঈদে প্রচার হওয়া একটি নাটকে গল্পের প্রয়োজনে লিমুজিন গাড়ি ব্যবহার করেছিলাম। যা দর্শকেরা খুব পছন্দ করেছেন। এবারও হেলিকপ্টারের ব্যবহার দর্শকদের ভালো লাগবে।’