আয়কর দিতে উৎসাহ দিচ্ছেন জাহিদ ও মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ হাসান ও মৌসুমী
জাহিদ হাসান ও মৌসুমী

সবাইকে আয়কর দেওয়ার জন্য নানাভাবে উৎসাহিত করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সমাজের নানা স্তরের ব্যক্তিদের নিয়ে চলছে প্রচারণা। আর এই আহ্বান যদি টিভি ও চলচ্চিত্রের তারকারা জানান, তাহলে আরও বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা আছে। এমনটা মনে করে ‘আয়কর মেলা’ উপলক্ষে একটি প্রচারণামূলক বিজ্ঞাপনচিত্র  তৈরি হচ্ছে। এই বিজ্ঞাপনচিত্রে  অভিনয় করছেন জাহিদ হাসান ও মৌসুমী। তাঁদের সঙ্গে আরও আছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

জানা গেছে, এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে জাহিদ হাসান ও মৌসুমী সবাইকে আয়কর দেওয়ার জন্য আহ্বান জানাবেন। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করছেন পারভেজ আমিন। গতকাল শনিবার আর আজ রোববার রাজধানীর এফডিসির ৯ নম্বর ফ্লোরে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে।

১ নভেম্বর থেকে সারা দেশে শুরু হবে আয়কর মেলা। ২০০৮ সাল থেকে এই মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জনসচেতনতামূলক এই কাজে যুক্ত হতে পেরে খুশি চিত্রনায়িকা মৌসুমী। বললেন, দেশবাসীকে আয়কর দেওয়ায় উৎসাহিত করার জন্য কাজটিতে অংশ নিয়েছেন তিনি। জাহিদ হাসান তাঁর অন্যতম পছন্দের অভিনেতা। এবার তাঁকে সঙ্গে পেয়ে শুটিংয়ে দারুণ সময় কাটিয়েছেন।

পরিচালক পারভেজ আমিন জানান, সবাইকে আয়কর দিতে উৎসাহ দেওয়ার জন্য তৈরি হচ্ছে বিজ্ঞাপনচিত্রটি। বিজ্ঞাপনচিত্রের গল্পে তুলে ধরা হয়েছে, কর দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব, আর আয়কর দেওয়া জটিল কোনো প্রক্রিয়া নয়। আয়কর মেলা উপলক্ষে বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হবে বিটিভিতে।