ইলিশ মাছ, নায়িকা খোঁজা ও গিয়াস উদ্দিন সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিয়াস উদ্দিন সেলিম
গিয়াস উদ্দিন সেলিম

চাঁদপুরে কেন শুটিং করবেন?
প্রশ্নটি যাঁর কাছে, তিনি বেশ গুছিয়ে উত্তর দিলেন। ‘গল্পের জন্য। কারণ, আমার গল্পে ইলিশের ব্যবসাকেন্দ্রিক ঘটনা আছে। এ কারণেই চাঁদপুরে শুটিং করতে হবে। শুধু তা-ই নয়, কলকাতাতেও একটা অংশের শুটিং করব।’ উত্তরটা দিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। আজকাল অবশ্য তাঁর নামের আগে ‘মনপুরা–খ্যাত নির্মাতা’ যোগ করা হয়। ২০০৯ সালে নির্মিত মনপুরা ছবিটি তাঁকে এই ‘টাইটেল’সমেত নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। তো, এই নির্মাতা এত বছর পর নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা আঁটছেন। এটি অবশ্য অনেক দিন ধরেই। কিন্তু নীরবে। গতকাল শনিবার খোলাসা করলেন সবকিছু। গিয়াস উদ্দিন সেলিমের নতুন ছবির নাম স্বপ্নজাল। পুরোপুরি প্রেমের গল্প। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত করেছেন। শুধু নায়িকাকেই এখনো খুঁজে পাননি। তাঁর ভাষায়, ‘আমার গল্পটা নব্বইয়ের দশকের। ওই সময়ের উপযোগী ১৮–১৯ বছর বয়সী একজন নায়িকা খুঁজছি। এরই মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, কিন্তু মনঃপূত হয়নি। এখনো খোঁজাখুঁজির মধ্যেই আছি।’
তবে নায়িকা না পেলেও নায়ক চূড়ান্ত করে ফেলেছেন। ইয়াশ রোহান নামের নতুন একজনকে নিয়ে গিয়াস উদ্দিন সেলিম শুরু করছেন স্বপ্নজাল। এ ছাড়া অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ।
ছবিটির সংগীত পরিচালনায় থাকবেন অর্ণব। প্রযোজনায় বেঙ্গল ক্রিয়েশনস। গিয়াস উদ্দিন সেলিমের ইচ্ছা আগামী মাসেই শুটিং শুরু করার। তবে সবকিছু নির্ভর করবে নায়িকা খুঁজে পাওয়ার ওপর।