ঈদ আয়োজন নিয়ে স্বতন্ত্র অনুষ্ঠান

ঈদকে ঘিরে সংস্কৃতি ও বিনোদন অঙ্গনে থাকে বিশাল আয়োজন। সব কটি অনুষ্ঠান কারও পক্ষেই দেখা সম্ভব হয় না। তবে অনুষ্ঠানগুলোর নির্যাস পেতে দেখে নেওয়া যেতে পারে সেগুলো নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘শিল্পে গল্পে ছায়াছন্দে ঈদ আনন্দে’। গুরুত্ব বিচারে ঈদ অনুষ্ঠানগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এ আয়োজনে।
অনুষ্ঠানটিতে থাকবে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র, অডিও-ভিডিও অ্যালবাম, দেশের জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক ম্যাগাজিনগুলোর ঈদ সাহিত্য এবং ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে আলোচনা। অনুষ্ঠানে অংশ নেবেন দেশবরেণ্য সম্পাদক, সাহিত্যিক, লেখক, কবি, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা, সংগীতশিল্পীসহ অনেকেই।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রাজু আলীম। তিনি বলেন, ‘বিটিভিতে অনেক দিন ধরেই উপস্থাপনা করছি। এবারের ঈদ আয়োজনে এ অনুষ্ঠানটি উপস্থাপনা করতে পেরে বেশ ভালো লাগছে।’
বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদের অনুষ্ঠানমালায় দেখানো হবে ‘শিল্পে গল্পে ছায়াছন্দে ঈদ আনন্দে’ ম্যাগাজিন অনুষ্ঠানটি।