ঈদে অজয়, আরতি ও ফকিরার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায়
অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায়

বাংলাদেশে গান গাইতে আসছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায় ও গানের দল ফকিরা। তবে কনসার্ট বা অন্য কোনো অনুষ্ঠানে নয়, তাঁরা গাইবেন দেশ টিভির ঈদ অনুষ্ঠানমালায়। প্রতি ঈদেই নানা ধরনের আয়োজন করে থাকে দেশ টিভি। এতে অংশ নেন দেশি-বিদেশি অনেক শিল্পী। এরই ধারাবাহিকতায় এবার হাজির হচ্ছেন উপমহাদেশের দুই গুণী শিল্পী এবং পশ্চিম বাংলার গানের দল।
দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান রবিউল করিম বলেন, ১৯ জুলাই রাত ৯টা ৪৫ মিনিটে ‘কলের গান’ অনুষ্ঠানে গাইবেন পণ্ডিত অজয় চক্রবর্তী। একই অনুষ্ঠানে ২১ জুলাই গাইবে গানের দল ফকিরা। আর ২৩ তারিখে গাইবেন আরতি মুখোপাধ্যায়। ঈদের কলের গান উপস্থাপনা করবেন তানিয়া হোসাইন। রবিউল করিম বলেন, ‘আমরা বরাবরই ঈদে দর্শকদের জন্য নানা ধরনের চমক নিয়ে আসি। এটা তারই অংশ।’
এ ছাড়া ঈদ উপলক্ষে বেশ কিছু ভিন্ন ধারার অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশ টিভি।