ঈদে ফারুক হোসেনের চিত্রনাট্য থেকে 'বনসাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনসাই টেলিছবির দৃশ্য।
বনসাই টেলিছবির দৃশ্য।

এই ঈদুল ফিতরের সময়কার ঘটনা। কক্সবাজার বেড়াতে গিয়ে সমুদ্রে নিখোঁজ হয়েছিলেন নাট্যকার ফারুক হোসেন। আজ পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ হওয়ার আগে বেশ কয়েকটি নাটক ও টেলিছবির চিত্রনাট্য লিখে রেখে গেছেন তিনি। এরই একটি চিত্রনাট্যে টেলিছবি নির্মাণ করেছেন জামাল মল্লিক। টেলিছবির নাম বনসাই। ইস্কাটন ও উত্তরার বেশ কয়েকটি জায়গায় গত সপ্তাহে এ টেলিছবির শুটিং হলো।

ফারুক হোসেনের স্ক্রিপ্ট হাতে পাওয়া প্রসঙ্গে জামাল মল্লিক বলেন, ‘ঈদুল ফিতরের বেশ কয়েক দিন আগে দুটি স্ক্রিপ্ট আমার মাধ্যমে এক প্রযোজককে দিয়েছিলেন ফারুক হোসেন। কিন্তু ওই প্রযোজক এই মুহূর্তে কোনো কাজ করছেন না। তাই ‘বনসাই’ নামের চিত্রনাট্যটি আমি সেই প্রযোজকের কাছ থেকে নিয়ে নির্মাণের কাজে হাত দিই।’

ফারুক হোসেন
ফারুক হোসেন



‘বনসাই’ এর পরিচালক জামাল মল্লিক জানিয়েছেন, এ টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুবর্ণা মুস্তাফা, তৌসিফ মাহবুব, তানিয়া বৃষ্টি প্রমুখ। তিনি আরও জানান, বছর তিনেক আগে ফারুক হোসেনের লেখা একটি নাটক নির্মাণ করেছিলেন তিনি। এ কারণে নাটকে নির্মাণ করতে গিয়ে বারবার তার কথা মনে পড়েছে। এর অভিনয়শিল্পীরাও বারবার আবেগ তাড়িত হয়েছেন ফারুকের লেখা সংলাপ বলতে গিয়ে।

আসছে ঈদুল আজহার অনুষ্ঠানমালায় একটি টিভি চ্যানেলে প্রচার হবে বনসাই।

বর্তমানে ফারুক হোসেনের লেখা ও হিমেল আশরাফের পরিচালনায় ‘একদিন ছুটি হবে’ নামের একটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে এনটিভিতে। ফারুক হোসেনের চিত্রনাট্যে ‘সুলতানা বিবিয়ানা’ নামে একটি চলচ্চিত্রও নির্মাণ করছেন একই পরিচালক।