ঈদে ফারুকের নাটক

গেল ঈদে ছুটি কাটাতে কক্সবাজার গিয়েছিলেন নাট্যকার ফারুক হোসেন। তারপর থেকে তিনি নিখোঁজ। গতকাল শনিবার ছিল এই তরুণ নাট্যকারের জন্মদিন। আর জন্মদিনেই নির্মাতা হিমেল আশরাফ জানালেন নতুন খবর। ফারুক হোসেনের লেখা স্ক্রিপ্ট থেকে আসছে ঈদের জন্য নাটক তৈরি করছেন তিনি। নাটকের নাম না ভুলব না কোনো দিন।
এই মাসের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত শুটিং হবে ঢাকা, গাজীপুর ও কুমিল্লার বিভিন্ন জায়গায়। নাটকে ফারুক হোসেনের লেখা দুটি গানও ব্যবহৃত হবে। গান দুটি গেয়েছেন সংগীতশিল্পী লুৎফর হাসান ও সাজিদ সরকার। এক ঘণ্টার এই একক নাটকে অভিনয় করবেন অপূর্ব, শখ ও তৌসিফ। এমনটাই জানালেন হিমেল আশরাফ। বললেন, ‘গত ভালোবাসা দিবসে স্ক্রিপ্টটি দিয়েছিলেন ফারুক ভাই। পরে আর কাজটি করা হয়নি। এবার ঈদুল আজহা উপলক্ষে এটি নির্মাণ করছি।’
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘পুরোপুরি প্রেমের গল্প। প্রিয়জনকে হারিয়ে ফেলে খোঁজার গল্প। ঠিক ফারুক ভাইয়ের মতো। আমরাও তাঁকে ভুলতে চাই না। কে জানে এ কারণেই তিনি এমন নাটক লিখে গেছেন কি না।’
হিমেল আশরাফ জানান, ফারুক হোসেনের লেখা বেশ কয়েকটি একক নাটকের স্ক্রিপ্ট, ধারাবাহিকের লাইনআপ এবং সিনেমার গল্প রয়েছে তাঁর কাছে। ক্রমান্বয়ে সব কটি নির্মাণের পরিকল্পনা রয়েছে তাঁর।