ঈদে বিটিভিতে 'অমীমাংসিত সত্য'

প্রতিবছরই ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচারের জন্য জমা পড়ে বিভিন্ন ধরনের নাটক। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রিভিউ কমিটি সেখান থেকে বাছাই করে কয়েকটি নাটক ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এরই মধ্যে। ঈদের অনুষ্ঠানমালায় টানা কয়েক দিন ধরে নাটক প্রচারিত হলেও ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে আটটার নাটক নিয়ে অনেকেরই থাকে আলাদা আগ্রহ। কারণ, ঈদ অনুষ্ঠানমালার সবচেয়ে আকর্ষণীয় সময় যে ওটাই। ঈদুল আজহার পরদিন ওই আকর্ষণীয় সময়ে প্রচারের জন্য সম্প্রতি নির্বাচিত হয়েছে নাটক অমীমাংসিত সত্য। বিটিভির প্রিভিউ কমিটি বাছাই শেষে এ তথ্য প্রকাশ করেছে। এই নাটকের রচনা ও পরিচালনা মোহন খানের।
বিটিভির মহাব্যবস্থাপক ও প্রিভিউ কমিটির সদস্যসচিব শফিউদ্দিন শিকদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এই নাটকে অভিনয় করেছেন হাসান ইমাম, নাদের চৌধুরী, দীপা খন্দকার, সজল, শিশুশিল্পী সামি প্রমুখ।
প্রথম আলোর সঙ্গে আলাপে মোহন খান বলেন, ‘ঈদ অনেক বড় একটা আনন্দের উপলক্ষ। এমন একটা বড় উৎসবে পিক-টাইমে নাটক প্রচারের সময় পাওয়াটা নির্মাতা হিসেবে আমার জন্য অনেক আনন্দের। প্রিভিউ কমিটির সদস্যরা আমার নাটকটি দেখে যে খুশি হয়েছেন, তাতে আমি অনেক সম্মানিতবোধ করছি।’